শুরু হলো ঈদের ছুটি, বাড়ি ফিরছে ঢাকাবাসী

Date: 2026-05-25
news-banner

নিজস্ব প্রতিবেদক: 

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শুরু হয়ে গেছে টানা সাত দিনের সরকারি ছুটি। সোমবার সকাল থেকেই রাজধানী ঢাকার ব্যস্ত সড়কগুলোতে অন্য দিনের তুলনায় যানবাহনের চাপ কম দেখা গেছে। ঘরমুখো মানুষের ঢল নামায় অনেকেই পরিবার-পরিজন নিয়ে রাজধানী ছাড়তে শুরু করেছেন।

সকাল থেকে রাজধানীর পান্থপথ, কারওয়ান বাজার, গুলশান, বিজয় সরণিসহ বিভিন্ন এলাকার সড়ক তুলনামূলক ফাঁকা দেখা যায়। মেট্রোরেলেও ছিল কম ভিড়। রাস্তায় প্রাইভেট কার ও সিএনজিচালিত অটোরিকশার সংখ্যা ছিল বেশি। বেশির ভাগ মানুষকে মালপত্র নিয়ে বাসা ছাড়ার প্রস্তুতি নিতে দেখা গেছে।

ঈদ উপলক্ষে গতকাল রোববার বিকেল থেকেই অনেকে ঢাকা ছাড়তে শুরু করেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও ঘরমুখো মানুষের হাস্যোজ্জ্বল সেলফি ও যাত্রার মুহূর্তের ছবি ছড়িয়ে পড়েছে। কেউ বাসে, কেউ ট্রেনে, কেউ উড়োজাহাজে আবার কেউ ব্যক্তিগত গাড়িতে করে গ্রামের বাড়ির পথে রওনা হয়েছেন। অনেকে তাঁদের পোষা প্রাণীকেও সঙ্গে নিয়ে যাচ্ছেন।

এদিকে ঈদুল আজহা উপলক্ষে আজ ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত দেশের তফসিলি ব্যাংকগুলো বন্ধ থাকবে। তবে পোশাকশিল্প সংশ্লিষ্ট এলাকার কিছু ব্যাংক শাখা আজ ও আগামীকাল খোলা রাখা হবে বলে জানা গেছে।

সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিসও আজ থেকে ৩১ মে পর্যন্ত বন্ধ থাকবে। দীর্ঘ ছুটি ঘিরে রাজধানীজুড়ে এখন ঈদের আমেজ বিরাজ করছে।

Leave Your Comments