ঈদযাত্রায় গাজীপুরের মহাসড়কে বাড়ছে গাড়ির চাপ

Date: 2026-05-25
news-banner

নিজস্ব প্রতিবেদক: 

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানী ছেড়ে ঘরমুখী মানুষের ঈদযাত্রা শুরু হয়েছে। সোমবার সকাল থেকেই ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন ও যাত্রীর চাপ বাড়তে দেখা গেছে। তবে এখন পর্যন্ত কোথাও বড় ধরনের যানজটের সৃষ্টি হয়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, শিল্পাঞ্চল গাজীপুরের প্রায় ৫ হাজার ৬০০ কারখানার মধ্যে আজ ৪২ শতাংশ কারখানায় ঈদের ছুটি ঘোষণা করা হয়েছে। এর মধ্যে রয়েছে দুই হাজারের বেশি তৈরি পোশাক কারখানা। এছাড়া আরও ৪৫ শতাংশ কারখানায় আগামীকাল মঙ্গলবার ছুটি দেওয়া হবে। বাকি কারখানাগুলো পর্যায়ক্রমে আগেই ছুটি ঘোষণা করেছে।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসেন বলেন, “আজ উল্লেখযোগ্য সংখ্যক কারখানা ছুটি হওয়ায় বিকেল থেকে শ্রমিকদের বাড়ি ফেরা শুরু হবে। তখন মহাসড়কে চাপ আরও বাড়তে পারে।”

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল থেকেই গাজীপুরের চান্দনা চৌরাস্তা, টঙ্গী, ভোগড়া এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় যানবাহনের চাপ বাড়তে শুরু করে। বাস, ট্রাক, মাইক্রোবাস ও ব্যক্তিগত গাড়ির সংখ্যা বেড়ে যাওয়ায় কিছু এলাকায় ধীরগতিতে যান চলাচল করলেও দীর্ঘ যানজটের সৃষ্টি হয়নি।

চান্দনা চৌরাস্তা থেকে বাড়ির উদ্দেশে রওনা হওয়া পোশাকশ্রমিক সুমি আক্তার বলেন, “প্রতিবার ঈদের আগে রাস্তায় অনেক কষ্ট হয়। আজকে তেমন যানজট নেই। বাসে উঠতে কিছুটা ভোগান্তি হলেও আশা করছি স্বস্তিতে বাড়ি পৌঁছাতে পারব।”

টঙ্গী থেকে ময়মনসিংহগামী যাত্রী মো. রুবেল মিয়া বলেন, “পরিবহনগুলো কিছুটা বেশি ভাড়া নিচ্ছে। তবে সময়মতো বাস পাওয়া যাচ্ছে। বিকেলের পর চাপ আরও বাড়তে পারে।”

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চলাচলকারী দূরপাল্লার বাসচালক মো. হেলাল উদ্দিন জানান, সকাল থেকেই যাত্রীর চাপ বাড়ছে। মহাসড়কে গাড়ির সংখ্যাও বেশি। বাসস্ট্যান্ডগুলোতে ভিড় থাকলেও অন্যান্য এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে।

পুলিশ জানিয়েছে, আগামীকাল আরও অধিকসংখ্যক কারখানায় ছুটি শুরু হলে দুই মহাসড়কেই যানবাহন ও যাত্রীর চাপ কয়েক গুণ বেড়ে যেতে পারে। তাই যাত্রীদের আগেভাগে যাত্রা শুরু করার পরামর্শ দেওয়া হয়েছে।

হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম বলেন, “মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কোথাও যানবাহন বিকল হলে দ্রুত সরিয়ে নিতে রেকার প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি অবৈধ পার্কিং ও যাত্রী ওঠানামা নিয়ন্ত্রণেও বিশেষ নজরদারি চলছে।”

Leave Your Comments