সাভারে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন রাজধানীর মিরপুরে বসবাসরত সাংবাদিকরা।
গতকাল সাভারে সংবাদ সংগ্রহের সময় দেশ টিভির সিনিয়র সাংবাদিক তুহিন, এসএ টিভির সাংবাদিক সাদ্দামসহ একাধিক গণমাধ্যমকর্মীর ওপর হামলার ঘটনায় এ প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়।
আজ দুপুর ৩টায় রাজধানীর মিরপুর-১ এর সনি স্কয়ারের সামনে “মিরপুর বসবাসরত সচেতন সাংবাদিক সমাজ”-এর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বিভিন্ন পর্যায়ের সাংবাদিকরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। তারা অবিলম্বে হামলার সঙ্গে জড়িত মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বক্তারা বলেন, সাংবাদিকদের ওপর হামলা শুধু ব্যক্তির ওপর আঘাত নয়, এটি গণমাধ্যমের স্বাধীনতা ও জনস্বার্থের বিরুদ্ধে হুমকি। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে প্রশাসনকে কঠোর ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।
মানববন্ধনে অংশ নেওয়া সাংবাদিক নেতারা আরও বলেন, গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা না গেলে স্বাধীন সাংবাদিকতা ও গণতান্ত্রিক পরিবেশ হুমকির মুখে পড়বে। তাই দ্রুত হামলাকারীদের আইনের আওতায় এনে সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানান তারা।