অবসরের ঘোষণা দিলেন জার্মানির হয়ে বিশ্বকাপ জেতা পোডলস্কি

Date: 2026-05-23
news-banner

অবশেষে পেশাদার ফুটবলকে বিদায় জানাতে যাচ্ছেন ২০১৪ বিশ্বকাপজয়ী জার্মান তারকা লুকাস পোডলস্কি। শুক্রবার (২২ মে) ইনস্টাগ্রামে এক আবেগঘন বার্তায় নিজের অবসরের ঘোষণা দেন এই কিংবদন্তি ফরোয়ার্ড। চলতি গ্রীষ্মেই তিনি বুট জোড়া তুলে রাখবেন বলে জানিয়েছেন।

পোল্যান্ডের ক্লাব গোরনিক জাব্রজের অধিনায়ক হিসেবে দলকে দীর্ঘ প্রতীক্ষিত পোলিশ কাপ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন পোডলস্কি। সম্প্রতি ক্লাবটির মালিকানার অংশও গ্রহণ করেছেন তিনি। তাই তার অবসরের সিদ্ধান্ত অনেকটাই প্রত্যাশিত ছিল।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় তিনি লেখেন, “একটি অধ্যায় শেষ হচ্ছে, নতুন এক যুগ শুরু হচ্ছে।” ২০২১ সাল থেকে তিনি গোরনিক জাব্রজের হয়ে খেলছিলেন। শনিবার রাদোমিয়াক রাদোমের বিপক্ষে ঘরের মাঠের ম্যাচই তার ক্যারিয়ারের শেষ ম্যাচ হবে।

বিদায়ী ভিডিওতে পোডলস্কি তার ক্যারিয়ারে খেলা বিভিন্ন ক্লাবের জার্সি সাজিয়ে দেখান। পরে স্বভাবসুলভ ভঙ্গিতে বলেন, “ঠিক আছে, আজকের কাজ শেষ।”

ক্লাব গোরনিক জাব্রজও এক আবেগঘন বার্তায় তাকে ধন্যবাদ জানিয়ে নতুন ভূমিকায় শুভকামনা জানিয়েছে।

জার্মান জাতীয় দলের হয়ে পোডলস্কি খেলেছেন ১৩০ ম্যাচে, যেখানে তিনি করেছেন ৪৯ গোল। জাতীয় দলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় তিনি আছেন তৃতীয় স্থানে—মিরোস্লাভ ক্লোসে ও জার্ড মুলারের পর।

কোলনের যুব একাডেমি থেকে উঠে আসা পোডলস্কি ২০০৩ সালে পেশাদার অভিষেক করেন। এরপর বায়ার্ন মিউনিখে বুন্দেসলিগা ও কাপ ডাবল জেতেন। পরে আর্সেনাল, ইন্টার মিলান, গালাতাসারাই, ভিসেল কোবে ও আনতালিয়াসপোরসহ একাধিক ক্লাবে খেলেছেন তিনি।

ক্যারিয়ারের শেষ দিকে গোরনিক জাব্রজের হয়ে দীর্ঘ সময় কাটিয়ে অবশেষে পোলিশ কাপ জিতে বিদায় নিচ্ছেন এই তারকা, যিনি জার্মানি, ইংল্যান্ড, তুরস্ক, জাপান ও পোল্যান্ড—সব জায়গাতেই শিরোপার স্বাদ পেয়েছেন।

Leave Your Comments