হেডের ওপর খেপেছেন কোহলি, খেলা শেষে হাতও মেলাননি

Date: 2026-05-23
news-banner

আবারও আলোচনার কেন্দ্রে বিরাট কোহলি। তবে এবার ব্যাট হাতে পারফরম্যান্স নয়, বরং মাঠের উত্তেজনা ও ম্যাচ শেষে আচরণের কারণে সমালোচনার মুখে পড়েছেন তিনি। ট্রাভিস হেড-এর সঙ্গে মাঠের দ্বন্দ্বের রেশ টেনে ম্যাচ শেষে করমর্দন এড়িয়ে যাওয়ায় নতুন বিতর্ক তৈরি হয়েছে।

মাঠে কী হয়েছিল

আইপিএলের ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদ প্রথমে ব্যাট করে ২৫৫ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায়। রান তাড়া করতে নেমে ইনিংসের তৃতীয় ওভারে ট্রাভিস হেডের সঙ্গে কথাকাটাকাটিতে জড়িয়ে পড়েন কোহলি।

জানা যায়, হেডের কোনো মন্তব্যে বিরক্ত হয়ে কোহলি তাঁকে উদ্দেশ করে বলেন, “ঠিক আছে, এসে কয়েকটা বল করো।” এর কিছুক্ষণ পর কোহলি আউট হয়ে গেলে হেড পাল্টা খোঁচা দিয়ে বলেন, “আমি বোলিংয়ে আসার আগেই তো তুমি আউট হয়ে গেলে!”

পরে ম্যাচে হেড ১ ওভার বোলিংও করেন। ইনিংসের ১৯তম ওভারে তিনি রজত পাতিদার-এর উইকেট নেন। তখন ম্যাচ কার্যত হায়দরাবাদের হাতেই চলে যায়। শেষ পর্যন্ত রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ৫৫ রানে হেরে যায়।

ম্যাচ শেষে নতুন বিতর্ক

ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়েরা যখন প্রথাগতভাবে একে অপরের সঙ্গে হাত মেলাচ্ছিলেন, তখন ট্রাভিস হেড কোহলির দিকে হাত বাড়ান। কিন্তু কোহলি সেটি উপেক্ষা করে সামনে এগিয়ে যান বলে ভিডিওতে দেখা যায়।

তবে হেডের স্বদেশি ও হায়দরাবাদ অধিনায়ক প্যাট কামিন্স-সহ অন্য খেলোয়াড়দের সঙ্গে স্বাভাবিকভাবেই করমর্দন করেন কোহলি।

ইরফান পাঠানের সমালোচনা

কোহলির এই আচরণ ভালোভাবে নেননি ভারতের সাবেক ক্রিকেটার ইরফান পাঠান। তিনি বলেন, মাঠে আগ্রাসন বা কথার লড়াই খেলাধুলারই অংশ। কিন্তু ম্যাচ শেষে করমর্দন এড়িয়ে যাওয়া কোহলির মতো বড় মাপের ক্রিকেটারের কাছ থেকে প্রত্যাশিত নয়।

পাঠানের মতে, “এই ঘটনা সহজেই এড়ানো যেত। ম্যাচ শেষে পেশাদার আচরণ দেখানো উচিত ছিল।”

Leave Your Comments