নদী থেকে আরেকটি ভাসমান লাশ উদ্ধার

Date: 2026-05-22
news-banner

ঢাকার পোস্তগোলা ব্রিজের নিচে বুড়িগঙ্গা নদী থেকে এক অজ্ঞাতপরিচয় নারীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। এ নিয়ে গত সাত দিনে দেশের বিভিন্ন নদ-নদী থেকে মোট ১৮টি মরদেহ উদ্ধার করা হলো।

গতকাল বৃহস্পতিবার রাতে মরদেহটি উদ্ধার করা হয়। আজ শুক্রবার সকালে ঢাকা অঞ্চলের নৌ পুলিশের পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, বৃহস্পতিবার বিকেলে ওই নারী পোস্তগোলা ব্রিজ থেকে বুড়িগঙ্গা নদীতে ঝাঁপ দেন। নদীতে থাকা নৌকার মাঝিরা বিষয়টি দেখতে পেয়ে নৌ পুলিশের হাসনাবাদ ফাঁড়িতে খবর দেন। পরে নৌ পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাতে মরদেহ উদ্ধার করে।

মরদেহটি ময়নাতদন্তের জন্য পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নৌ পুলিশের তথ্য অনুযায়ী, নিহত নারীর বয়স আনুমানিক ৫০ থেকে ৬০ বছরের মধ্যে। তাঁর শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পরনে ছিল লাল-কালো ছাপার সুতির শাড়ি ও নেভি ব্লু রঙের ব্লাউজ।

এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

Leave Your Comments