পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার ও মাদকবিরোধী অভিযানের তথ্য সংগ্রহ করতে গিয়ে স্থানীয় লোকজনের হামলার শিকার হয়েছেন দুই পুলিশ কর্মকর্তা। গুজব ছড়িয়ে তাঁদের মারধর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার ভজনপুর ইউনিয়নের সংগঠন-মুর্খাজোত এলাকায় এ ঘটনা ঘটে। আহত দুই পুলিশ কর্মকর্তা হলেন তেঁতুলিয়া মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সোহেল রানা ও তুহিন খান। বর্তমানে তাঁরা তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ সূত্রে জানা যায়, সাদা পোশাকে মোটরসাইকেলে করে ওই এলাকায় তথ্য সংগ্রহে যান এএসআই সোহেল রানা ও তুহিন খান। এ সময় একটি ট্রাক্টরের ইঞ্জিন বহনের সময় সেটি হঠাৎ উল্টে যায় এবং ইঞ্জিনের ওপর থাকা কয়েকজন নিচে পড়ে যান।
এরপর স্থানীয় লোকজনের সঙ্গে দুই পুলিশ কর্মকর্তাও ট্রাক্টরটি উদ্ধারে এগিয়ে যান। তবে এ সময় গুজব ছড়িয়ে পড়ে যে পুলিশের কারণেই ট্রাক্টরটি উল্টে গেছে। একপর্যায়ে উত্তেজিত কিছু লোক তাঁদের ওপর হামলা চালিয়ে মারধর করে।
খবর পেয়ে তেঁতুলিয়া মডেল থানার অন্য পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহত দুই কর্মকর্তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লাইছুর রহমান বলেন, গুজব ছড়িয়ে দুই পুলিশ কর্মকর্তার ওপর হামলা করা হয়েছে। তাঁদের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।