চট্টগ্রাম আইনজীবী সমিতির ‘একতরফা’ নির্বাচনে বিএনপিপন্থীদের জয়

Date: 2026-05-22
news-banner

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সব কটি পদে জয় পেয়েছেন বিএনপিপন্থী আইনজীবী ঐক্য ফোরামের প্রার্থীরা। আওয়ামী লীগ–সমর্থিত আইনজীবীরা মনোনয়নপত্র সংগ্রহ করতে না পারা এবং জামায়াতপন্থী আইনজীবীদের নির্বাচন বর্জনের মধ্য দিয়ে একতরফা পরিবেশে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

সমিতির সভাপতি পদে তারিক আহমদ এবং সাধারণ সম্পাদক পদে মো. মঈনুদ্দীন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এছাড়া সিনিয়র সহসভাপতি, সহসাধারণ সম্পাদক, অর্থ সম্পাদক, পাঠাগার সম্পাদক, সাংস্কৃতিক সম্পাদক, ক্রীড়া সম্পাদক ও তথ্যপ্রযুক্তি সম্পাদকসহ সম্পাদকীয় ১০টি পদের মধ্যে ৯টিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পায় বিএনপিপন্থী প্যানেল।

সহসভাপতি পদে ভোটে জয়ী হয়েছেন নিলুফার ইয়াসমিন লাভলী। নির্বাহী সদস্যের ১১টি পদেও বিএনপি–সমর্থিত প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

নির্বাচন কমিশন জানায়, সমিতির মোট ২১টি পদের সবগুলোতেই বিএনপিপন্থী আইনজীবী ঐক্য ফোরামের প্রার্থীরা জয় পেয়েছেন। এবার ভোটার ছিলেন ৪ হাজার ৫০০ জন, যার মধ্যে ভোট দিয়েছেন ২ হাজার ১৬০ সদস্য।

অন্যদিকে নির্বাচন কমিশনের প্রতি অনাস্থা জানিয়ে জামায়াতপন্থী ঐক্যবদ্ধ আইনজীবী পরিষদ আগেই নির্বাচন বর্জনের ঘোষণা দেয়। নির্বাচন স্থগিত ও তফসিল বাতিলের দাবিতে আদালতেও আবেদন করে তারা। আওয়ামী লীগ ও জামায়াতপন্থী আইনজীবীরা নির্বাচনকে একতরফা দাবি করে আদালতপাড়ায় বিক্ষোভ ও কালো পতাকা মিছিল করেন।

আওয়ামী লীগ–সমর্থিত আইনজীবীদের অভিযোগ, সমিতির ১৩৩ বছরের ইতিহাসে কখনো ভোটবিহীন বা ‘অটো কমিটি’ গঠনের নজির নেই। বর্তমান নির্বাচন কমিশন একতরফা নির্বাচন আয়োজন করে সমিতির ঐতিহ্য ক্ষুণ্ন করেছে।

তবে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতারা বলছেন, রাষ্ট্রীয়ভাবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় দল–সমর্থিত আইনজীবীদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ ছিল না।

এদিকে নির্বাচন চলাকালে সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক লাঞ্ছিত হওয়ার অভিযোগ উঠেছে। চ্যানেল ওয়ান চট্টগ্রামের ব্যুরো প্রধান শাহনেওয়াজ রিটন ও ক্যামেরাপারসন অমিত দাসকে নির্বাচনী কক্ষ থেকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

Leave Your Comments