রাশিয়ার পক্ষে যুদ্ধে গিয়ে মাদারীপুরের যুবক নিহত

Date: 2026-05-22
news-banner

রাশিয়ার সেনাবাহিনীর হয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিয়ে নিহত হয়েছেন মাদারীপুরের যুবক সুরুজ কাজী (৩৫)। গত সোমবার যুদ্ধক্ষেত্রে প্রতিপক্ষের হামলায় তাঁর মৃত্যু হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় পরিবারের সদস্যরা বিষয়টি নিশ্চিত করেন।

নিহত সুরুজ মাদারীপুর সদর উপজেলার দক্ষিণ খাগড়াছড়া এলাকার শাহাবুদ্দিন কাজীর ছেলে। তাঁর মৃত্যুর খবরে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পরিবার সূত্রে জানা গেছে, উন্নত জীবনের আশায় বাংলাদেশি এক দালালের মাধ্যমে ইউরোপে যাওয়ার চেষ্টা করেন সুরুজ। তবে ইউরোপের ভিসা না পেয়ে একটি এজেন্সির মাধ্যমে প্রায় আট মাস আগে রাশিয়ায় যান। সেখানে সাধারণ কাজে যোগ দেওয়ার কথা থাকলেও পরে দালালের মাধ্যমে তিনি রুশ সেনাবাহিনীতে যুক্ত হন। সম্প্রতি ইউক্রেন যুদ্ধের সময় মাইন বিস্ফোরণে তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে।

প্রথমে মৃত্যুর বিষয়টি গোপন রাখা হলেও রাশিয়ায় থাকা দুই বাংলাদেশি প্রবাসী যুবক ফোনে পরিবারকে বিষয়টি জানান। এরপর থেকেই সুরুজের বাড়িতে স্বজন ও প্রতিবেশীদের ভিড় বাড়তে থাকে।

তিন ভাই ও এক বোনের মধ্যে সুরুজ ছিলেন সবার বড়। ছেলের মৃত্যুর খবরে ভেঙে পড়েছেন বাবা শাহাবুদ্দিন কাজী। তিনি বলেন, ছেলের মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের সহযোগিতা চান।

এদিকে তিন মাস আগে ঠান্ডাজনিত রোগে মারা যায় সুরুজের দুই বছর বয়সী ছেলে। একমাত্র সন্তান হারানোর পর এবার স্বামীকেও হারিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছেন তাঁর স্ত্রী সুমাইয়া আক্তার।

স্থানীয়রা জানান, সংসারের হাল ধরতেই বিদেশে গিয়েছিলেন সুরুজ। কিন্তু যুদ্ধক্ষেত্রে তাঁর এমন মৃত্যু কেউ মেনে নিতে পারছেন না।

মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব বলেন, পরিবারের পক্ষ থেকে যোগাযোগ করা হলে মরদেহ দেশে আনার বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave Your Comments