আইনশৃঙ্খলা রক্ষা, যানজট নিয়ন্ত্রণসহ ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বিজিবি মোতায়েন
Date: 2026-05-22
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, যানজট নিয়ন্ত্রণ এবং জনসাধারণের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে ঢাকাসহ আশপাশের গুরুত্বপূর্ণ এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিজিবির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।
মোতায়েনকৃত এলাকাগুলোর মধ্যে রয়েছে রাজধানীর নিউমার্কেট, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, সাভারের নবীনগর ও বাইপাইল, গাজীপুর সিটি করপোরেশন এলাকা এবং গাজীপুর চৌরাস্তা।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সরকারের নির্দেশনা অনুযায়ী ঈদের সাত দিন আগে থেকে শুরু করে ঈদের পরবর্তী তিন দিন পর্যন্ত সদস্যরা দায়িত্ব পালন করবেন।
পোস্টে আরও বলা হয়, নিরাপদ ও নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিত করতে বিজিবি সদস্যরা মাঠে কাজ করবেন। এছাড়া সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ টোল প্লাজা, মহাসড়ক ও যানজটপ্রবণ এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমেও সহায়তা করবেন তারা।