কালিগঞ্জ থানা পুলিশের অভিযানে ৩টি গরুসহ দুই চোর আটক

Date: 2026-05-22
news-banner

মোঃ মহাসিন, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের গোয়ালপোতা গ্রাম থেকে চোরাইকৃত ৩টি বকনা গরুসহ দুই যুবককে আটক করেছে কালিগঞ্জ থানা পুলিশ। বুধবার (২১ মে ২০২৬) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোয়ালপোতা গ্রামের মৃত আমিনুদ্দিন বোদ্যের ছেলে রাকিব হাসান (১৬) ও মোঃ আজিজের ছেলে মোঃ তানভির (১৭) চুরি করে আনা ৩টি বকনা গরু নিজেদের বাড়িতে বেঁধে রাখে। স্থানীয় লোকজন বিষয়টি জানতে পেরে কালিগঞ্জ থানা পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়।

কালিগঞ্জ থানার এসআই (নিঃ) মোঃ পলাশ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে চোরাইকৃত ৩টি গরুসহ দুই অভিযুক্তকে হাতেনাতে আটক করেন। উদ্ধারকৃত গরুগুলোর আনুমানিক বাজার মূল্য প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

আটককৃতদের থানায় নেওয়া হয়েছে এবং উদ্ধারকৃত গরুগুলো বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কালিগঞ্জ থানা পুলিশ।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ জুয়েল হোসেন জানান, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Leave Your Comments