‘মেজর জেনারেল’ সেজে শাসাতেন পুলিশকে, ধরা পড়লেন যেভাবে
Date: 2026-05-20
নিজস্ব প্রতিবেদক :
ঢাকায় ‘মেজর জেনারেল’ পরিচয় দিয়ে পুলিশের ওপর প্রভাব বিস্তার ও নানা মামলায় তদবির করার অভিযোগে মো. অপু (৩৩) নামে এক গাড়িচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।
পুলিশ জানিয়েছে, অপু নিজেকে কখনো সেনাবাহিনীর “মেজর জেনারেল” পরিচয় দিয়ে বিভিন্ন থানায় ফোন দিতেন এবং মামলার তদন্ত দ্রুত শেষ করা, আসামিদের রিমান্ডে নেওয়া কিংবা জামিন না দেওয়ার মতো বিষয়েও চাপ প্রয়োগ করতেন।
তদন্তে উঠে এসেছে, রাজধানীর যাত্রাবাড়ী থানায় নিজের করা একটি মামলার আসামিদের গ্রেপ্তার ও কঠোর ব্যবস্থা নিতে তিনি বারবার পুলিশ কর্মকর্তাদের ফোন দেন। একপর্যায়ে সংশ্লিষ্ট থানার ওসি ও প্রসিকিউশন শাখার কর্মকর্তাদের কাছেও তিনি একই ভুয়া পরিচয় ব্যবহার করে যোগাযোগ করেন।
ঘটনাটি সন্দেহ হলে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত ৫-এর বিচারক বিষয়টি যাচাইয়ের নির্দেশ দেন। এরপর অপুর মোবাইল ফোন তল্লাশিতে “মেজর জেনারেল মোহা. মোরশেদ” নামে একটি ভুয়া হোয়াটসঅ্যাপ আইডি পাওয়া যায়।
পুলিশ আরও জানায়, অপু তাঁর দ্বিতীয় স্ত্রীর নামে নিবন্ধিত একটি নম্বর ব্যবহার করে ওই ভুয়া পরিচয় চালাতেন। পরে তাঁকে আটক করে সাইবার নিরাপত্তা আইনে মামলা করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা জানান, অপুকে তিন দিনের রিমান্ড শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তাঁর এই প্রতারণার পেছনে কোনো সংঘবদ্ধ চক্র আছে কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।
এজাহার অনুযায়ী, অপুর গ্রামের বাড়ি গাজীপুরের কালিয়াকৈরে। তিনি ঢাকার ভাষানটেক এলাকায় থাকতেন।
এর আগে নিজের পারিবারিক বিরোধ ও অর্থনৈতিক লেনদেনকে কেন্দ্র করে তিনি একাধিক মামলা করেন এবং ভুয়া পরিচয় ব্যবহার করে পুলিশকে প্রভাবিত করার চেষ্টা করেন বলেও অভিযোগ রয়েছে।
পুলিশ ও আদালত সংশ্লিষ্টরা বলছেন, ভুয়া পরিচয়ে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর প্রভাব খাটানোর এই ঘটনা গুরুতর অপরাধ এবং এর পূর্ণাঙ্গ তদন্ত চলছে।