মোঃ মাইন উদ্দিন, কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার পূর্ব ভাগলপুর গ্রামে নতুন বসানো একটি নলকূপে গ্যাস সদৃশ পদার্থের উপস্থিতির ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নলকূপ থেকে বুদবুদে শব্দ হওয়ার পর পানি বের হওয়া এবং আগুন জ্বলে ওঠার ঘটনায় আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা।
জানা গেছে, উপজেলার পূর্ব ভাগলপুর গ্রামের বাসিন্দা মতিউর রহমানের পুত্র সৌদি প্রবাসী মোঃ সোহেল মিয়ার বাড়িতে প্রায় ১৫ দিন আগে একটি নতুন নলকূপ স্থাপন করা হয়। তবে শুরু থেকেই নলকূপের পানি স্বাভাবিকভাবে ব্যবহার করা সম্ভব হয়নি। নলকূপে চাপ দিলে পানির সঙ্গে বুদবুদে শব্দ হতো।
স্থানীয়দের দাবি, এ অবস্থায় নলকূপের মুখের কাছে গ্যাসলাইট জ্বালানোর পর মুহূর্তেই বড় আকারে আগুন জ্বলে ওঠে। পরে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক মানুষ ঘটনাস্থলে ভিড় করেন। অনেকেই মোবাইল ফোনে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, এমন ঘটনা আগে কখনও দেখা যায়নি। বিষয়টি নিয়ে তারা আতঙ্কিত ও উদ্বিগ্ন। নলকূপের পানি ব্যবহার থেকেও বিরত রয়েছেন পরিবারের সদস্যরা।
এ বিষয়ে স্থানীয় সচেতন মহল বলছে, ভূগর্ভস্থ গ্যাসের উপস্থিতি অথবা অন্য কোনো রাসায়নিক বিক্রিয়ার কারণেও এমন ঘটনা ঘটতে পারে। তবে সঠিক কারণ নির্ণয়ে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন।
এদিকে এলাকাবাসী দ্রুত প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। তারা নলকূপের পানি পরীক্ষা এবং ঘটনাটির প্রকৃত কারণ উদঘাটনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।