খুলনা মেডিকেলে আগুন: আইসিইউ থেকে সরানোর সময় রোগীর মৃত্যু, আহত ৫

Date: 2026-05-20
news-banner

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আইসিইউ থেকে রোগী সরানোর সময় এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় দুই নার্সসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। বুধবার ভোরে হাসপাতালের পুরোনো আইসিইউ ইউনিটসংলগ্ন একটি স্টোররুমে আগুন লাগার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

নিহত রোগীর নাম নাসরিন নাহার। তিনি কয়রা উপজেলা-র বাসিন্দা নেছার আলীর মেয়ে। হাসপাতাল সূত্রে জানা গেছে, তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। আগুন লাগার পর তাঁকে দ্রুত বাইরে নেওয়া হলে হাসপাতালের বারান্দায় তাঁর মৃত্যু হয়।

এদিকে একই আইসিইউতে চিকিৎসাধীন আরেক রোগী শেখ আবুল হাসেম ভোর পাঁচটার দিকে মারা যান। তাঁর বয়স ছিল ৯৬ বছর এবং তিনি দিঘলিয়া উপজেলা-র বাসিন্দা ছিলেন।

Fire Service and Civil Defence ও হাসপাতাল সূত্র জানায়, ভোর সাড়ে পাঁচটার দিকে হাসপাতালের চারতলা ভবনের তৃতীয় তলায় পুরোনো আইসিইউ ইউনিটের পাশের একটি স্টোররুমে আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডের সময় হাসপাতালের ১ নম্বর আইসিইউতে থাকা ১৫ রোগীকে দ্রুত অন্যত্র সরিয়ে নেওয়া হয়। ধোঁয়া ও আতঙ্কে পরিস্থিতি জটিল হয়ে ওঠে।

হাসপাতালের আইসিইউ ইনচার্জ দিলীপ কুমার জানান, স্টোররুমে পুরোনো কাপড় ও বিভিন্ন সরঞ্জাম রাখা ছিল। আগুন ছড়িয়ে পড়ার পর কয়েকটি অক্সিজেন সিলিন্ডার ও পুরোনো এসি বিস্ফোরিত হয়। এতে দেয়ালের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং পুরো এলাকায় ঘন ধোঁয়া ছড়িয়ে পড়ে।

তিনি আরও বলেন, ধোঁয়ার মধ্যে রোগী স্থানান্তরের সময় নাসরিন নাহারের স্বজনেরা আতঙ্কিত হয়ে তাঁকে নিজেরাই সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। আইসিইউ রোগী স্থানান্তরের নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ না করায় এবং ভেন্টিলেশন খুলে নেওয়ার কারণে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ঘটনায় আহতদের মধ্যে রয়েছেন হাসপাতালের স্টাফ সাইদুর রহমান, সিনিয়র স্টাফ নার্স নওরিন, দিপালীশারমিন এবং ফায়ার সার্ভিস সদস্য তৌহিদ। তাঁদের মধ্যে দুই নার্সকে একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে।

হাসপাতালের ওয়ার্ডবয় রেজাউল বলেন, ধোঁয়ার কারণে ইমারজেন্সি ওটি ও পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে কিছু দেখা যাচ্ছিল না। পরে রোগীদের পেছনের দরজা দিয়ে সরিয়ে নেওয়া হয় এবং ফায়ার সার্ভিস সদস্যরা নার্সদের উদ্ধার করেন।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা হোসেন আলী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্টসার্কিট বা এসি বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তদন্তের পর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক সরকার মো. মাসুদ সরদার বলেন, সকাল ছয়টার দিকে খবর পেয়ে প্রথমে বয়রা স্টেশন থেকে তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে আরও ইউনিট যোগ দিয়ে মোট ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

Leave Your Comments