পটুয়াখালীতে ডিবি পুলিশের অভিযান: ৬১৩ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

আব্দুল কাইয়ুম আরজু, পটুয়াখালী প্রতিনিধি:

​পটুয়াখালী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এক ঝটিকা অভিযান চালিয়ে ৬১৩ পিস ইয়াবাসহ তিন চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার (১৪ মে) দিবাগত রাতে পটুয়াখালী সদর থানার কালিকাপুর ইউনিয়নের মুচিরপুল ও পশরীবুনিয়া এলাকায় পৃথক অভিযানে তাদের আটক করা হয়।

​গ্রেফতারকৃতরা হলেন— বরগুনার আমতলী উপজেলার আবুল কালাম (৩২) এবং পটুয়াখালী সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের মো. নাসির উদ্দিন জুয়েল (৩১) ও মো. মিজানুর রহমান (৪০)।

​ডিবি পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় এসআই মো. আছিবুর রহমান তুষারের নেতৃত্বে একটি চৌকস দল মাদক বিরোধী অভিযানে নামে। রাত ১২টা ৪৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে মুচিরপুল এলাকায় অভিযান চালিয়ে প্রথমে আবুল কালামকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২০৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

​পরবর্তীতে কালামের দেওয়া তথ্যের ভিত্তিতে রাত ১টা ৫৫ মিনিটের দিকে পশরীবুনিয়া এলাকায় নাসির উদ্দিন জুয়েলের বাড়িতে অভিযান চালায় ডিবি। সেখান থেকে জুয়েল ও মিজানুর রহমানকে আটক করা হলেও রফিকুল ইসলাম মুরাদ নামে এক সহযোগী কৌশলে পালিয়ে যায়। এ সময় জুয়েলের কাছ থেকে ২০৪ পিস এবং মিজানুরের কাছ থেকে ২০৬ পিস ইয়াবা জব্দ করা হয়।

​জেলা গোয়েন্দা শাখা (ডিবি) জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কেনাবেচার সাথে জড়িত। উদ্ধারকৃত মোট ৬১৩ পিস ইয়াবাসহ তাদের বিরুদ্ধে পটুয়াখালী সদর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এছাড়া পলাতক আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।