তরুণদের দক্ষ করে তুললে বিশ্বে এগিয়ে যাবে বাংলাদেশ: শিক্ষামন্ত্রী
এহসানুল হক মিলন বলেছেন, বাংলাদেশের বিশাল মানবসম্পদকে যথাযথভাবে কাজে লাগানো গেলে ভবিষ্যতে দেশ বিশ্বে শীর্ষ অবস্থানে পৌঁছাতে সক্ষম হবে।
বুধবার সকালে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ-এ ‘অন গ্রিড সোলার প্রকল্প’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
শিক্ষামন্ত্রী বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি হচ্ছে তরুণ জনগোষ্ঠী ও মানবসম্পদ। এই সম্পদকে দক্ষভাবে গড়ে তুলতে পারলে দেশের অগ্রযাত্রা আরও ত্বরান্বিত হবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করতে পারবে।
তিনি আরও বলেন, দেশের বিদ্যমান শিক্ষা ব্যবস্থার ব্যাপক পরিবর্তন ও আধুনিকায়ন প্রয়োজন। এ লক্ষ্যকে সামনে রেখে সরকার শিক্ষা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
এহসানুল হক মিলন বলেন, “শিক্ষা ছাড়া কোনো জাতিকে বিশ্বের দরবারে এগিয়ে নেয়া বা প্রতিষ্ঠিত করা সম্ভব নয়।” দক্ষ মানবসম্পদ তৈরিতে মানসম্মত ও আধুনিক শিক্ষার কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে নবায়নযোগ্য জ্বালানি খাতে এমন উদ্যোগকে ইতিবাচক অগ্রগতি হিসেবে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, এ ধরনের প্রকল্প শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে প্রযুক্তি ও টেকসই উন্নয়নের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত করবে।