রোগ নিরাময়ের কথা বলে শিয়ালের মাংস বিক্রি, দুইজনকে অর্থদণ্ড

নিজস্ব প্রতিবেদক: 

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রির অভিযোগে দুই কৃষককে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১২ মে) বিকেলে উপজেলা সদরের ঠাকুর বাজার এলাকায় মাংস বিক্রির সময় স্থানীয় লোকজন তাদের আটক করেন। পরে ঘটনাস্থলে গিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুজনকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।

জরিমানাপ্রাপ্ত দুই কৃষক হলেন কচুয়া উপজেলার আশ্রাফপুর এলাকার শাহাদাত হোসেন ও মাইন উদ্দিন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা জানান, বিভিন্ন রোগের উপকার হবে—এমন দাবি করে অভিযুক্ত দুই কৃষক প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রি করে আসছিলেন। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।