প্রকাশ : ১১ মে ২০২৬
সময়: ০৭:৫৩ পিএম
পটুয়াখালীর দুমকিতে যুবদলের দুই নেতা বহিষ্কার
আব্দুল কাইয়ুম আরজু, পটুয়াখালী প্রতিনিধিঃ
দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পটুয়াখালীর দুমকি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আহসান ফারুক ও সৈয়দ সুলতান শাখাওয়াত হোসেনকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল।
আজ রোববার (১১ মে) বিকেলে কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপির অনুমোদনে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়।
কেন্দ্রীয় যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বহিষ্কৃত নেতাদের কোনো কর্মকাণ্ডের দায়ভার দল নেবে না। একই সঙ্গে দলের সব পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে দুমকি উপজেলা যুবদলের পূর্বে বহিষ্কৃত সদস্য সচিব রিপন শরীফসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, আজ সোমবার দুমকিস্থ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে হামলার ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত থাকার দায়ে উল্লেখিত নেতৃদ্বয়কে বহিস্কার করা হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।