সিঁধ কেটে ঘরে ঢুকে সোবহান প্রামাণিককে কুপিয়ে হত্যা, আহত স্ত্রী

নিজস্ব প্রতিবেদক: 

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পূর্ব শত্রুতার জেরে সোবহান প্রামাণিক (সোবহান) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তার স্ত্রী শেফালী খাতুন গুরুতর আহত হয়েছেন এবং হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

রোববার গভীর রাতে উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, সোবহান প্রামাণিক, যিনি দুগ্ধ সমিতির সাবেক ম্যানেজার ছিলেন, নিজ বাড়িতে ঘুমিয়ে ছিলেন। এ সময় সিঁধ কেটে একদল দুর্বৃত্ত ঘরে ঢুকে তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে।

হামলার সময় তার স্ত্রী শেফালী খাতুন বাধা দিতে গেলে তাকেও কুপিয়ে আহত করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

ঘটনার পর এলাকাবাসী একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোক্তারুজ্জামান জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

তিনি আরও জানান, হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। তবে প্রাথমিকভাবে এলাকাবাসীর ধারণা, খাস পুকুর নিয়ে মোল্লা বংশ ও প্রামাণিক বংশের দীর্ঘদিনের বিরোধের জেরে এ ঘটনা ঘটতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে অভিযান চলছে।