ডিমলায় স্কুলছাত্রীকে গণধর্ষণের প্রধান অভিযুক্ত কাজল রানা গ্রেফতার

মোঃ নয়ন ইসলাম, ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ 

নীলফামারীর ডিমলায় নবম শ্রেণীর এক স্কুলছাত্রীকে ৫ ঘণ্টা আটকে রেখে গণধর্ষণের ঘটনায় দীর্ঘ এক মাস পলাতক থাকার পর প্রধান অভিযুক্ত কাজল রানাকে (২১) গ্রেফতার করেছে পুলিশ। আজ বুধবার (৬ মে) লালমনিরহাট এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত কাজল রানা ডিমলা উপজেলার খালিশা চাপানি ইউনিয়নের তালতলা সরকারপাড়া গ্রামের রবিউল ইসলাম শুকারুর ছেলে। এ নিয়ে আলোচিত এই মামলার এজাহারভুক্ত দুই আসামিকেই আইনের আওতায় আনা হলো।

উল্লেখ্য যে, গত ৫ এপ্রিল দুপুরে উপজেলার খালিশা চাপানি ইউনিয়নে ওই স্কুলছাত্রীকে একা পেয়ে ভুট্টা ক্ষেতে নিয়ে ৫ ঘণ্টা আটকে রেখে পালাক্রমে ধর্ষণ করে কাজল রানা ও তার সহযোগী মুন্না ইসলাম। এ ঘটনায় ভিকটিমের নানী বাদী হয়ে ডিমলা থানায় একটি গণধর্ষণ মামলা দায়ের করেন।

মামলার পর থেকেই আসামিরা এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়। এর আগে গত ২৭ এপ্রিল মামলার ২নং আসামি মুন্না ইসলামকে (২৪) ঢাকা থেকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছিল। এরই ধারাবাহিকতায় তথ্য-প্রযুক্তির সহায়তায় এবং পুলিশের নিরলস প্রচেষ্টায় আজ মামলার মূল হোতা কাজল রানাকে লালমনিরহাট থেকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, গ্রেফতারকৃত কাজল রানাকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হবে।