‘লাভ ইউ’, ওমর সানীকে ভিডিও বার্তায় মৌসুমী

আজ ৬ মে ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী-এর জন্মদিন। বিশেষ এই দিনে তাঁকে ভিডিও বার্তায় শুভেচ্ছা জানিয়েছেন তাঁর স্ত্রী চিত্রনায়িকা মৌসুমী

ভিডিও বার্তায় মৌসুমী বলেন, “শুভ জন্মদিন সানী। তোমাকে অনেক অনেক শুভেচ্ছা। তোমাকে মিস করি। তুমি আমাদের জীবনে, আমার জীবনে বটগাছ হয়ে সব সময় থাকো।”

তিনি আরও বলেন, “আজকের এই দিনে তোমাকে যে জন্ম দিয়েছিলেন, তোমার মায়ের জন্যও ভালোবাসা। লাভ ইউ সানী।”

দীর্ঘদিন ধরে মৌসুমী যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করছেন। ফলে গত কয়েক বছর এই বিশেষ দিনে ওমর সানী তাঁর স্ত্রীর সঙ্গ পাননি। এর আগে তিনি বলেছিলেন, মায়ের মৃত্যুর পর থেকে জন্মদিন তাঁর জন্য এক ধরনের শূন্যতা নিয়ে আসে।

১৯৬৯ সালের ৬ মে বরিশালে জন্ম নেওয়া ওমর সানী নব্বইয়ের দশকে ঢালিউডে জনপ্রিয়তার শীর্ষে ওঠেন। তিনি ‘চাঁদের আলো’, ‘প্রেম প্রতিশোধ’, ‘দোলা’, ‘আত্ম অহংকার’, ‘কুলি’সহ বহু দর্শকপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করেছেন।

জন্মদিনে ভক্ত-সহকর্মীদের শুভেচ্ছায় ভাসছেন এই জনপ্রিয় নায়ক।