ফ্লোরিডায় নিহত বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ ৯ মে ঢাকায় আসবে

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ আগামী ৯ মে দেশে পৌঁছানোর কথা রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

দূতাবাস সূত্রে জানা গেছে, ৭ মে রাত ৮টা ৫০ মিনিটে ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে (EK 0220) বৃষ্টির মরদেহ ঢাকার উদ্দেশে পাঠানো হবে। দুবাইয়ে সংযোগ ফ্লাইট (EK 0582) পরিবর্তনের পর ৯ মে সকাল ৮টা ৪০ মিনিটে মরদেহ ঢাকায় পৌঁছাবে।

এর আগে একই ঘটনায় নিহত অপর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ ৪ মে ঢাকায় পৌঁছায়।

নাহিদা সুলতানা বৃষ্টি (২৭) ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি করছিলেন। একই ঘটনায় নিহত জামিল আহমেদ লিমন (২৭) ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি গবেষণার সঙ্গে যুক্ত ছিলেন।

দুই শিক্ষার্থীর হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে লিমনের রুমমেট হিশাম আবুঘরবেহকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ওই বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী বলে জানা গেছে।

দূতাবাস জানিয়েছে, মরদেহ দেশে পাঠানোর পুরো প্রক্রিয়া মায়ামির বাংলাদেশ কনস্যুলেটের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে এবং ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ে বিষয়টি দেখভাল করছে।

মরদেহ পাঠানোর আগে স্থানীয় সময় বুধবার দুপুর ২টায় টাম্পায় বৃষ্টির প্রথম জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।