১২ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন কুমিল্লার সেই বিএনপি নেতা, আটকের কারণ জানাল পুলিশ
নিজস্ব প্রতিবেদক,
কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমকে আটকের প্রায় ১২ ঘণ্টা পর থানা থেকে ছেড়ে দিয়েছে পুলিশ। রোববার (২১ এপ্রিল) দুপুরে তাকে আটক করা হয় এবং দিবাগত রাত ১২টার দিকে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ দলীয় নেতাদের জিম্মায় মুক্তি দেওয়া হয়।
পুলিশ জানিয়েছে, শাসনগাছা বাস টার্মিনালকেন্দ্রিক চাঁদাবাজি নিয়ন্ত্রণের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করা হয়েছিল। তবে দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদ ও যাচাই-বাছাই শেষে অভিযোগের সত্যতা না পাওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল আনোয়ার বলেন, উচ্চপর্যায় থেকে পাওয়া অভিযোগের ভিত্তিতে পুলিশ সদর দপ্তরের নির্দেশে তাকে আটক করা হয়েছিল। তদন্তে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে মুক্তি দেওয়া হয়েছে।
আটকের ঘটনায় দিনভর উত্তেজনা বিরাজ করে শাসনগাছা এলাকায়। রেজাউল কাইয়ুমের মুক্তির দাবিতে বিএনপি নেতা-কর্মী ও সমর্থকেরা থানার সামনে অবস্থান নেন এবং বিভিন্ন স্লোগান দেন। একই সময় তার অনুসারীরা বাস টার্মিনাল অবরোধ করলে কুমিল্লা-ঢাকাসহ কয়েকটি রুটে বাস চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।
মুক্তির পর রেজাউল কাইয়ুম অভিযোগ করেন, তাকে নিয়ে ‘ষড়যন্ত্র’ করা হয়েছিল। তিনি দাবি করেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন এবং প্রমাণিত হয়নি।
পুলিশের একটি সূত্র জানিয়েছে, মুক্তির আগে তার কাছ থেকে একটি মুচলেকা নেওয়া হয়েছে, যেখানে তিনি চাঁদাবাজি প্রতিরোধে ভূমিকা রাখার অঙ্গীকার করেছেন।
এদিকে রাতেই তাকে বাসায় নিয়ে যান দলীয় নেতারা। মুক্তির পর তার সমর্থকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা গেছে।
ঘটনাটি নিয়ে এখনো বিস্তারিত কোনো মন্তব্য পাওয়া যায়নি জেলা পুলিশ সুপারের কাছ থেকে।