আজ থেকে হরমুজে আটকে পড়া জাহাজ সরাতে সহায়তা করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

হরমুজ প্রণালিতে সংঘাতের বাইরে থাকা দেশগুলোর যেসব জাহাজ আটকে আছে, তাদের নিরাপদে সরে যেতে যুক্তরাষ্ট্র সর্বোচ্চ চেষ্টা করবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি জানান, এই উদ্যোগের নাম দেওয়া হয়েছে ‘প্রজেক্ট ফ্রিডম’, যা মধ্যপ্রাচ্যের সময় অনুযায়ী সোমবার সকাল থেকে শুরু হবে।

ট্রাম্প বলেন, এই উদ্যোগের লক্ষ্য হলো এমন সব মানুষ, কোম্পানি ও দেশকে সহায়তা করা, যারা কোনো অপরাধ না করেও বর্তমান পরিস্থিতির কারণে ভোগান্তিতে পড়েছে।

তিনি উল্লেখ করেন, অনেক জাহাজে খাদ্যসংকট দেখা দিচ্ছে, তাই তাদের নিরাপদে প্রণালি থেকে বের করে আনা একটি মানবিক পদক্ষেপ।

ট্রাম্প আরও দাবি করেন, যুক্তরাষ্ট্রের আলোচকেরা ইরানের সঙ্গে ‘খুব ইতিবাচক আলোচনা’ করছে, যা সবার জন্য ইতিবাচক ফল বয়ে আনতে পারে।

একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, এই কার্যক্রমে কেউ বাধা দিলে তাকে কঠোরভাবে মোকাবিলা করা হবে।

বিশ্লেষকদের মতে, এই উদ্যোগ একদিকে যেমন মানবিক সহায়তার বার্তা দিচ্ছে, অন্যদিকে হরমুজ প্রণালিতে চলমান উত্তেজনার মধ্যেও কৌশলগত প্রভাব বিস্তারের ইঙ্গিত বহন করছে।

সূত্র: আল-জাজিরা