ইরানে ১ লাখ ২৫ হাজারের বেশি বেসামরিক স্থাপনা ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে

Date: 2026-05-04
news-banner

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক সংঘাতে ক্ষতিগ্রস্ত হওয়া প্রায় ৩৭ হাজার আবাসিক ও বাণিজ্যিক ভবন ইতোমধ্যে মেরামত করা হয়েছে বলে জানিয়েছে ইরানের হাউজিং ফাউন্ডেশন।

ইরানের আধা–সরকারি সংবাদ সংস্থা মেহেরের বরাতে এ তথ্য প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল–জাজিরা।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ব্যাপক হামলা শুরু হলে দেশজুড়ে বড় ধরনের অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়।

ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির তথ্য অনুযায়ী, এ হামলায় প্রায় ১ লাখ ২৫ হাজারের বেশি বেসামরিক স্থাপনা সম্পূর্ণ ধ্বংস অথবা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এছাড়া ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, দেশজুড়ে চিকিৎসা খাতও বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। তাদের দাবি, অন্তত ৩৩৯টি চিকিৎসাসংক্রান্ত স্থাপনায় হামলা হয়েছে।

এই স্থাপনাগুলোর মধ্যে হাসপাতাল, মেডিকেল সেন্টার, ক্লিনিক, ফার্মেসি এবং গবেষণাগার অন্তর্ভুক্ত রয়েছে।

বিশ্লেষকদের মতে, ব্যাপক ক্ষয়ক্ষতির প্রেক্ষাপটে দ্রুত পুনর্গঠন কার্যক্রম শুরু করা ইরানের জন্য বড় চ্যালেঞ্জ হলেও, সরকারি উদ্যোগে কিছুটা অগ্রগতি দেখা যাচ্ছে।

তবে সংঘাত অব্যাহত থাকলে পুনর্গঠন কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখা কঠিন হয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সূত্র: রয়টার্স

Leave Your Comments