ইরানে তিনজন ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তাঁদের মধ্যে দুজনের বিরুদ্ধে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে কাজ করার অভিযোগ রয়েছে বলে জানিয়েছে দেশটির আধা-সরকারি সংবাদমাধ্যম।
সংবাদ সংস্থা ফারসের খবরে বলা হয়েছে, মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে মেহেদি রাসুলি ও মোহাম্মদ রেজা মিরিকে ‘মোসাদের এজেন্ট’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, তারা বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগাযোগ রেখে রাষ্ট্রবিরোধী কার্যক্রমে জড়িত ছিলেন।
অন্যদিকে, ইব্রাহিম দোলাতাবাদি নামের আরেক ব্যক্তির বিরুদ্ধে গত জানুয়ারিতে ইরানের উত্তর–পূর্বাঞ্চলীয় শহর মাসহাদে সরকারবিরোধী বিক্ষোভ চলাকালে সহিংসতা উসকে দেওয়ার অভিযোগ আনা হয়। তাবারসি এলাকায় সংঘটিত ওই অস্থিরতায় নেতৃত্ব দেওয়ার দায়ে তাকে দোষী সাব্যস্ত করা হয়।
ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, আইনগত প্রক্রিয়া শেষে তাদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালতের রায়ে এই দণ্ড কার্যকর করা হয়েছে।
তবে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো দীর্ঘদিন ধরে ইরানে মৃত্যুদণ্ডের ব্যাপক প্রয়োগ এবং বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে। বিশেষ করে রাজনৈতিক ও নিরাপত্তা সংশ্লিষ্ট মামলাগুলোতে দ্রুত বিচার ও শাস্তি কার্যকর করার প্রবণতা নিয়ে প্রশ্ন তুলেছে তারা।
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে ইরানে এ ধরনের পদক্ষেপ নতুন করে আলোচনা ও সমালোচনার জন্ম দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
সূত্র: আল–জাজিরা