তাড়াশে সেতু নির্মাণ শেষ, সংযোগ সড়ক বন্ধ; ছয় মাসে দুর্ভোগ চরমে

Date: 2026-05-03
news-banner

মোঃআলামিন হোসেন , তাড়াশ উপজেলা প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের তাড়াশ-কাটাগাড়ী আঞ্চলিক সড়কের উত্তর ওয়াপদা বাঁধসংলগ্ন এলাকায় নির্মাণাধীন একটি সেতুর মূল কাজ শেষ হলেও দুই পাশের সংযোগ সড়ক দীর্ঘদিন ধরে অসম্পূর্ণ পড়ে আছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতিতে প্রায় ছয় মাস ধরে কাজ বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, ২০২৩ সালের জুনে প্রায় ২ কোটি ৫৫ লাখ ৬১ হাজার টাকা ব্যয়ে ২০ মিটার দীর্ঘ আরসিসি গার্ডার সেতুর নির্মাণকাজ শুরু হয়। নির্ধারিত সময় পেরিয়ে প্রায় তিন বছরে মূল কাঠামোর কাজ শেষ হলেও সংযোগ সড়ক এখনো নির্মাণ হয়নি।

এ কারণে সেতু ব্যবহার কার্যত ব্যাহত হচ্ছে। সংযোগ সড়কে কাদা ও নরম মাটির কারণে যান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। প্রায়ই ছোট যানবাহন দুর্ঘটনার শিকার হচ্ছে; অনেক ক্ষেত্রে অটোরিকশা উল্টে যাচ্ছে।

তাড়াশ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. জাফর ইকবাল বলেন, “এই সড়ক দিয়ে প্রতিদিন হাজারো শিক্ষার্থী যাতায়াত করে। ঝুঁকি নিয়েই চলাচল করতে হচ্ছে। দ্রুত সংযোগ সড়কের কাজ শেষ করা জরুরি।”

স্থানীয় বাসিন্দা ও সাবেক কমিশনার জাহাঙ্গীর হোসেন বলেন, “ভ্যান বা অটোরিকশা নিয়ে চলাচল করা খুব কষ্টকর। উঁচুতে উঠতে হলে যাত্রী নামাতে হয়। বৃষ্টিতে পরিস্থিতি আরও খারাপ হয়।”

অটোরিকশাচালক মো. কাওছার হোসেন বলেন, “একসঙ্গে দুটি গাড়ি চলাচল করতে পারে না। এতে আয় কমেছে, ভোগান্তি বেড়েছে।”
ইরি ধান কাটার মৌসুমে কৃষকদের দুর্ভোগ আরও বেড়েছে। কাদা-মাটিতে গাড়ির চাকা আটকে যাওয়ায় ধান পরিবহন ব্যাহত হচ্ছে, বাড়ছে আর্থিক ক্ষতি।

প্রকল্প সূত্র জানায়, নওগাঁর ইথেন এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড ও ডন এন্টারপ্রাইজ (জেভি) সেতু নির্মাণের কাজ পায়। পরে বাগাতিপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. অহিদুল ইসলাম গকুল কাজটি কিনে নেন। বর্তমানে মো. ওয়াহিদুল ইসলাম কাজটি পরিচালনা করলেও হঠাৎ করে কাজ বন্ধ করে দেন।

ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।
উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. ফজলুল হক বলেন, “কাজ দ্রুত শেষ করতে ঠিকাদারকে তাগাদা দেওয়া হয়েছে। সাত দিনের মধ্যে কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে।”
স্থানীয়দের দাবি, দ্রুত সংযোগ সড়কের কাজ শেষ করে সেতুটি পুরোপুরি চলাচলের উপযোগী করা হোক।

Leave Your Comments