নিজস্ব প্রতিবেদক :
পার্বত্য চট্টগ্রামের বর্তমান পরিস্থিতি ও নিরাপত্তা বাহিনী নিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে ‘মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের’ অভিযোগে চাকমা সার্কেলের চিফ Debashish Roy–এর স্ত্রী রানী ইয়ান ইয়ানকে সতর্ক করেছে রাঙামাটি জেলা প্রশাসন।
গত ৬ এপ্রিল রাঙামাটির জেলা প্রশাসক Nazma Ashrafi স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ সতর্কতা প্রদান করা হয়। জেলা প্রশাসনের জুডিশিয়াল মুন্সিখানা শাখা থেকে জারি করা ওই চিঠিতে বিষয়টি উল্লেখ করা হয়েছে।
চিঠিতে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-২ শাখার একটি চিঠির সূত্র ধরে প্রাপ্ত গোয়েন্দা প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, রানী ইয়ান ইয়ান পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংগঠনকে একত্রিত করে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সরকার ও নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য প্রচারের সঙ্গে সম্পৃক্ত থাকতে পারেন।
প্রশাসনের ভাষ্য অনুযায়ী, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল। এ কারণে এ ধরনের কার্যক্রম বা বক্তব্য পরিস্থিতির অবনতি ঘটাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
চিঠিতে ভবিষ্যতে যেকোনো বক্তব্য বা কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে দেশের প্রচলিত আইন ও বিধি মেনে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
এ বিষয়ে জেলা প্রশাসক Nazma Ashrafi বলেন, তিনি তার প্রশাসনিক দায়িত্ব পালনের অংশ হিসেবেই এ পদক্ষেপ নিয়েছেন।