নিজস্ব প্রতিবেদক :
টেলিগ্রাম প্ল্যাটফর্ম ব্যবহার করে পর্নোগ্রাফি ছড়িয়ে দেওয়া ও সাইবার ব্ল্যাকমেইলের সঙ্গে জড়িত একটি সংঘবদ্ধ চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-৮। ভোলা ও বরিশালের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সোমবার (২৭ এপ্রিল) র্যাব-৮ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন— মেরাজুর রহমান আরমান (২১), বিল্লাল হোসেন ওরফে অন্তর (২১), রবি আলম মমিন (২১), আল আমিন ইসলাম ওরফে মাহি (১৯) এবং মো. হাসিব (২৩)। অভিযানে তাদের কাছ থেকে অপরাধে ব্যবহৃত ১২টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
র্যাব জানায়, সম্প্রতি দেশের বিভিন্ন গণমাধ্যমে টেলিগ্রাম অ্যাপকে কেন্দ্র করে সাইবার ব্ল্যাকমেইল ও অশ্লীল কনটেন্ট ছড়িয়ে দেওয়ার বিষয়ে সংবাদ প্রকাশিত হয়। এর ভিত্তিতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হলে একটি সংঘবদ্ধ চক্রের সন্ধান পাওয়া যায়, যারা টেলিগ্রামের বিভিন্ন প্রাইভেট চ্যানেল ও গ্রুপ ব্যবহার করে অশ্লীল ছবি ও ভিডিও বাণিজ্যিকভাবে ছড়িয়ে দিচ্ছিল।
প্রাথমিক তদন্তে জানা গেছে, চক্রটি দেশের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টার্গেট করত। তারা সামাজিক যোগাযোগমাধ্যম, ব্যক্তিগত ডিভাইস হ্যাকিং, ব্রেকআপের পর সাবেক প্রেমিকের কাছ থেকে ছবি সংগ্রহ কিংবা ব্যক্তিগত শত্রুতার সুযোগ নিয়ে গোপন ছবি ও ভিডিও সংগ্রহ করত। পরে এসব কনটেন্ট অর্থের বিনিময়ে বিভিন্ন টেলিগ্রাম গ্রুপ ও চ্যানেলে বিক্রি করা হতো।
র্যাবের অভিযানে উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলোতে প্রায় দেড় লাখ নগ্ন ও স্পর্শকাতর ছবি-ভিডিও পাওয়া গেছে। এছাড়া প্রায় ৩৫০টি টেলিগ্রাম গ্রুপ ও চ্যানেলের তথ্যও উদ্ধার করা হয়েছে, যেগুলোর মাধ্যমে এসব কনটেন্ট ছড়ানো হতো।
র্যাব জানিয়েছে, চক্রটির কার্যক্রম দীর্ঘদিন ধরে চলছিল এবং তারা প্রযুক্তিকে ব্যবহার করে গোপনে অপরাধ চালিয়ে যাচ্ছিল। এ ঘটনায় জড়িত অন্য সদস্যদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনী বলছে, সাইবার অপরাধ ও অনলাইন হয়রানি রোধে এমন অভিযানে আরও জোরদার নজরদারি চালানো হবে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্কতা অবলম্বনের পরামর্শও দেওয়া হয়েছে।