মাগুরায় রাব্বি হত্যা মামলার আসামিদের জামিন ঘিরে আইনজীবীর কার্যালয়ে হামলা

Date: 2026-04-28
news-banner

নিজস্ব প্রতিবেদক : 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত রাব্বি হত্যা মামলার দুই আসামির জামিনকে কেন্দ্র করে মাগুরায় দুই আইনজীবীর কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার (২৭ এপ্রিল) দুপুরে শহরের জেলাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০ থেকে ৩০ জনের একটি দল লাঠিসোটা নিয়ে হঠাৎ এসে কয়েক মিনিটের মধ্যেই আইনজীবীদের কার্যালয়ে হামলা চালায়। এতে আসবাবপত্রসহ বিভিন্ন মালামালের ক্ষয়ক্ষতি হয়।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ২০২৪ সালের ৪ আগস্ট পারনান্দুয়ালী এলাকায় গুলিতে নিহত হন জেলা ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বি। এ ঘটনায় নিহতের ভাই ইউনুস আলী বাদী হয়ে মাগুরা সদর থানায় সাবেক দুই সংসদ সদস্যসহ ১৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

ঘটনা সম্পর্কে আইনজীবী মো. উজ্জ্বল হোসেন জানান, তিনি হাইকোর্ট থেকে জামিন পাওয়া এক আসামির বেলবন্ডে স্বাক্ষর করেছিলেন। পরে শুনেছেন, এ কারণেই তার কার্যালয়ে হামলা চালানো হয়েছে।

অন্যদিকে আইনজীবী হাবিবুর রহমান বলেন, দুপুরে ২০ থেকে ৩০ জন ব্যক্তি হঠাৎ তার চেম্বারে ঢুকে টেবিল, চেয়ার, আলমারি ও অন্যান্য আসবাবপত্র ভাঙচুর করে। পুরো ঘটনা মাত্র কয়েক মিনিটের মধ্যেই ঘটে যায়।

তিনি দাবি করেন, তার মক্কেল আজিম আগেই জামিন পেয়েছিলেন। সাম্প্রতিক সময়ে আরেক আসামি হেদায়েত কুরাইশের জামিন হওয়াকে কেন্দ্র করেই এ হামলার সূত্রপাত হয়েছে।

এ ঘটনায় দুঃখ প্রকাশ করে মাগুরা জেলা আইনজীবী সমিতির সভাপতি মিজানুর রহমান বলেন, কারা হামলা চালিয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্তে একটি কমিটি গঠন করা হবে এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আশিকুর রহমান জানান, এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave Your Comments