নিজস্ব প্রতিবেদক :
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৯টা থেকে মঙ্গলবার সকাল ৯টার মধ্যে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এ নিয়ে চলতি মৌসুমে হাসপাতালটিতে হামের উপসর্গে মৃত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ জনে।
হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাঈনউদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মারা যাওয়া তিন শিশুর মধ্যে দুইজন ছেলে ও একজন মেয়ে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, সাত মাস বয়সী এক শিশু জেলার গৌরীপুর উপজেলার বাসিন্দা। গত ২২ এপ্রিল হামের উপসর্গ নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকেল ৫টার দিকে তার মৃত্যু হয়।
এছাড়া জামালপুরের মাদারগঞ্জ উপজেলার চার মাস বয়সী আরেক শিশু গত ২৩ এপ্রিল হাসপাতালে ভর্তি হয়েছিল। হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সন্ধ্যা ৬টার দিকে তার মৃত্যু হয়।
অপরদিকে নেত্রকোণার দুর্গাপুর উপজেলার পাঁচ মাস বয়সী এক শিশু গত ২০ এপ্রিল হাসপাতালে ভর্তি হয়েছিল। সোমবার রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আশঙ্কাজনক অবস্থায় আরও এক শিশুকে ঢাকায় শিশু হাসপাতালে রেফার করা হয়েছে।
ডা. মাঈনউদ্দিন খান জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩২ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে ৭৪ শিশু। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৩৬ শিশু।
হাসপাতালের তথ্য অনুযায়ী, গত ১৭ মার্চ থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত হামের লক্ষণ নিয়ে মোট ৯২৫ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ৮৩১ শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। তবে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২০ শিশুর।
চিকিৎসকরা বলছেন, শিশুদের সময়মতো হাম প্রতিরোধী টিকা নিশ্চিত করা গেলে এ ধরনের ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব। পাশাপাশি উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।