দেশের বাজারে আরও কমলো স্বর্ণের দাম, আজ থেকেই কার্যকর

Date: 2026-04-28
news-banner

দেশের বাজারে আবারও কমলো স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন করে স্বর্ণের মূল্য সমন্বয়ের ঘোষণা দিয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা। নতুন এ মূল্য মঙ্গলবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৩ হাজার ৫৭২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২০০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম রাখা হয়েছে ১ লাখ ৬৩ হাজার ৬৩ টাকা।

এর আগে গত ২৩ এপ্রিল স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সে সময় ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা। একই সময়ে ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩৫ হাজার ৬৭১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২ হাজার ২০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি ১ লাখ ৬৪ হাজার ৫২১ টাকা নির্ধারণ করা হয়েছিল।

চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে ৫৭ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩২ দফা দাম বাড়ানো হয়েছে এবং ২৫ দফা কমানো হয়েছে। অন্যদিকে, ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল; যেখানে ৬৪ বার দাম বৃদ্ধি এবং ২৯ বার দাম হ্রাস করা হয়।

স্বর্ণের দামের এই ওঠানামা বাজারে ক্রেতা ও ব্যবসায়ীদের মধ্যে নতুন করে আলোচনা তৈরি করেছে। বিশেষ করে বিয়ের মৌসুম ও বিনিয়োগের ক্ষেত্রে স্বর্ণের দাম পরিবর্তন গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

Leave Your Comments