কালিগঞ্জের খাজাবাড়িয়ায় রাস্তা নিয়ে বিরোধে কোদালের কোপ, নারীসহ ৫ জন গুরুতর আহত

Date: 2026-04-28
news-banner

মোঃ মহাসিন, কালীগঞ্জ (সাতক্ষীরা), প্রতিনিধি :

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার খাজাবাড়িয়া গ্রামে চলাচলের রাস্তা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের নারীসহ অন্তত ৫ জন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে।

আহতদের রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। গুরুতর আহতদের মধ্যে রয়েছেন—জিয়াদ মোড়লের পুত্র মোকছেদ মোড়ল, মজনু মোড়লের পুত্র নাজমুল এবং মোকছেদ মোড়লের স্ত্রী আছিয়া খাতুন। মোকছেদ মোড়লের মাথায় কোদালের আঘাতে গুরুতর জখম হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, খাজাবাড়িয়া এলাকায় জমি ও চলাচলের রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে মঙ্গলবার সকালে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র ও কোদাল নিয়ে পরিকল্পিতভাবে হামলা চালায়। হামলাকারীরা এলোপাতাড়ি কোপাতে থাকলে মোকছেদ মোড়ল গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় তাকে রক্ষা করতে গেলে নাজমুল ও আছিয়া খাতুনকেও কুপিয়ে জখম করা হয়।

ভুক্তভোগীদের অভিযোগ, হামলায় সরাসরি অংশ নেন আব্দুল জব্বারের পুত্র আব্দুস ছালাম (৩৫), হারুন (২৮) ও আব্দুল্লাহ (৩২)। এছাড়া তাদের সহযোগিতা করেন মোরশেদের পুত্র সফিকুল (৩২), আব্দুল বারির পুত্র ইয়াছিন (৩২) এবং সাবিনার পুত্র স্বাধীন (২০)।

আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ও উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় সচেতন মহল এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।

Leave Your Comments