এক মাসেই বদলের ছাপ: বরিশাল নগর উন্নয়নে প্রশাসকের গতিশীলতা

Date: 2026-04-26
news-banner

আবু জাফর বিশ্বাস, বরিশাল ব্যুরোঃ

দায়িত্ব গ্রহণের মাত্র এক মাসের মধ্যেই বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন নগর উন্নয়নে দৃশ্যমান পরিবর্তনের সূচনা করেছেন। ‘শাসক নয়, সেবক’—এই অঙ্গীকারকে সামনে রেখে তিনি প্রশাসনিক কার্যক্রমে গতি এনে নাগরিক সেবায় নতুন মাত্রা যোগ করেছেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

দীর্ঘদিন স্থবির হয়ে থাকা উন্নয়ন কর্মকাণ্ডে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। কর্মকর্তা-কর্মচারীদের সক্রিয় করে মাঠপর্যায়ে কাজের তদারকি জোরদার করেছেন তিনি। দায়িত্ব নেওয়ার পর ‘নাগরিক ভাবনা’ ও ‘উন্নয়ন সংলাপ’ শীর্ষক বিভিন্ন মতবিনিময় সভার মাধ্যমে নগরবাসীর মতামত সংগ্রহ করে তা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

ঈদ উপলক্ষে নগরীর সহস্রাধিক পরিচ্ছন্নতা কর্মীর মাঝে উপহার বিতরণ, গণমাধ্যম ও পেশাজীবীদের সঙ্গে সমন্বয় এবং অনলাইন হেল্পডেস্ক চালুর মাধ্যমে নাগরিক সেবায় ইতিবাচক পরিবর্তন এসেছে। অভিযোগ পাওয়ার পর দ্রুত ব্যবস্থা নেওয়ার কারণে সাধারণ মানুষের ভোগান্তি কমেছে।

ভবনের নকশা অনুমোদন প্রক্রিয়ায় দীর্ঘদিনের জট নিরসনে প্রশাসন উদ্যোগ নিয়েছে। সংশ্লিষ্টদের সঙ্গে সরাসরি সংলাপের মাধ্যমে স্বচ্ছতা নিশ্চিত করার চেষ্টা চলছে। পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নে মাঠপর্যায়ে তৎপরতা বাড়ানো হয়েছে এবং আধুনিক পদ্ধতি অনুসরণের উদ্যোগ নেওয়া হয়েছে।

নগরীর বিভিন্ন স্থানে অবৈধ দখল উচ্ছেদ করে জনদুর্ভোগ লাঘবে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে। টাউন হলের ভাড়া যৌক্তিক পর্যায়ে নির্ধারণ করায় সাংস্কৃতিক অঙ্গনেও ইতিবাচক সাড়া পড়েছে।

প্রশাসক অ্যাডভোকেট শিরীন বলেন, তিনি সেবক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং নগরবাসীর প্রত্যাশা পূরণে কাজ করে যাচ্ছেন। স্থানীয়দের মতে, এ ধারাবাহিকতা বজায় থাকলে বরিশাল নগরীর উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।

Leave Your Comments