পুলক রায়,শেরপুরঃ
সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুষ নেওয়ার ভিডিও ছড়িয়ে পড়ার পর শেরপুরের নালিতাবাড়ী উপজেলার এক সহকারী ভূমি কর্মকর্তাকে বদলি করা হয়েছে। অভিযুক্ত কর্মকর্তা সেলিনা পারভীনকে ঝিনাইগাতী উপজেলার নলকুড়া-গৌরিপুর ইউনিয়ন ভূমি অফিসে নতুন কর্মস্থলে পদায়ন দেওয়া হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত ২২ এপ্রিল সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমানের স্বাক্ষরিত এক অফিস আদেশে এই বদলির নির্দেশনা জারি করা হয়।
এর আগে সেলিনা পারভীনের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে, যেখানে তাকে ভূমি সংক্রান্ত কাজ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এক ব্যক্তির কাছ থেকে ৯ হাজার টাকা গ্রহণ করতে দেখা যায়। ভিডিওতে টাকা গ্রহণের পর তা নিজের ব্যাগে রাখতে দেখা গেলে বিষয়টি দ্রুত জনমনে আলোড়ন তোলে।
ঘটনাটি প্রকাশ্যে আসার পরপরই প্রশাসনের পক্ষ থেকে তাকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়। একই সঙ্গে পুরো বিষয়টি নিয়ে স্থানীয়দের মাঝে তীব্র আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।
ভিডিওটি বিভিন্ন গণমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে জনসাধারণের মধ্যে ক্ষোভের প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়। প্রশাসনের এ পদক্ষেপকে অনেকেই ইতিবাচক হিসেবে দেখছেন, যদিও ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন সচেতন মহল।