মোঃ মাহমুদুল হাসান বাবু পঞ্চগড় প্রতিনিধি :
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রতিমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্যের ঘটনায় গ্রেফতার হওয়া কলেজ ছাত্রের পাশে দাড়ালেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ| ক্ষমা করে নিজেই আইনী সহায়তা দিয়ে জামিনের ব্যবস্থা করেছেন তিনি|
জানা গেছে, পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদকে নিয়ে শুক্রবার (২৪ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর পোস্ট করেছিল পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের হাজিপাড়া এলাকার আশরাফ আলীর ছেলে নিশাদ ইসলাম (২০)| এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে বিএনপির এক কর্মী সাইবার নিরাপত্তা আইনে ওই যুবকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন| মামলার পরপরই পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে|
পরে বিষয়টি প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের নজরে আসলে নিজের বিরুদ্ধে করা কটুক্তির বিষয়ে ক্ষমা করে পাশে দাঁড়িয়েছেন খোদ প্রতিমন্ত্রী নিজেই| অভিযুক্ত নিশাদ একজন কলেজ শিক্ষার্থী| তার বয়স এবং ভবিষ্যতের কথা বিবেচনা করে প্রতিমন্ত্রী মনে করেন, হয়তো সে না বুঝে বা কারও প্ররোচনায় এমন পোষ্ট করেছে| প্রতিমন্ত্রী অভিযুক্তের বাবার সঙ্গে ফোনে কথা বলেন এবং প্রয়োজনীয় আইনি সহায়তার আশ্বাস দেন| তিনি বলেন, ছেলেটি আমার সন্তানের বয়সী| ভুল হতেই পারে, তাই তাকে ক্ষমা করে দিলাম|
রোববার সকালে অভিযুক্তের বাবা আশরাফ আলী সংবাদ মাধ্যমকে বলেন, যেহেতু মামলা হয়ে গেছে এবং গ্রেফতার হয়েছে, সেহেতু প্রতিমন্ত্রী মহোদয় আমার ছেলের জামিনের জন্য একজন আইনজীবীর সঙ্গে কথা বলেছেন| ওই আইনজীবী আমার সঙ্গে যোগাযোগও করেছেন| এখন আমি আদালতের কাছে জামিনের প্রত্যাশা করছি| আশা করি, আমার ছেলের জামিন হয়ে যাবে|