মোঃ নয়ন ইসলাম, ডিমলা প্রতিনিধি:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন ‘জাতীয় যুবশক্তি’র নতুন আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে রাজধানীর বাংলামোটরের এক সমন্বয় সভায় এই কমিটির ঘোষণা দেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন।
নতুন কমিটিতে তারিকুল ইসলামকে সভাপতি এবং ফরহাদ সোহেলকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া কমিটিতে তুহিন মাহমুদ ও খালেদ মাহমুদকে সিনিয়র সহ-সভাপতি, কাজী আয়েশা আহমেদকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং রিফাত রশীদকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্ব পেয়েছেন তরুণ ও উদীয়মান রংপুর অঞ্চলের ছাত্রনেতা মোঃ সাইদুজ্জামান বাবু। তাকে সংগঠনটির কেন্দ্রীয় বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।
নতুন এই দায়িত্ব পাওয়ার পর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাইদুজ্জামান বাবু বলেন, আমাকে এই গুরুদায়িত্ব প্রদান করায় সংগঠনের শীর্ষ নেতৃত্বের প্রতি আমি কৃতজ্ঞ। তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ করে জাতীয় যুব শক্তিকে একটি আদর্শিক ও শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে আমি নিরলসভাবে কাজ করে যাব। দেশের প্রতিটি বিভাগে সংগঠনের সাংগঠনিক ভিত্তি মজবুত করাই হবে আমার মূল লক্ষ্য।"
সাইদুজ্জামান বাবু বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পাওয়ায় তার নির্বাচনী এলাকা ও সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন রাজনৈতিক সহযোদ্ধা ও শুভাকাঙ্ক্ষীরা।
সংগঠনটির কেন্দ্রীয় সূত্রে জানা গেছে, সাইদুজ্জামান বাবু দ্রুতই তার আওতাধীন বিভাগগুলোতে সাংগঠনিক সফর শুরু করবেন এবং নতুন সদস্য সংগ্রহসহ মেয়াদোত্তীর্ণ কমিটিগুলো পুনর্গঠনের কাজ তদারকি করবেন।
দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে যুব সমাজকে সঠিক দিশা দেখাতে এবং সামাজিক উন্নয়নে 'জাতীয় যুব শক্তি'র ভূমিকাকে আরও জোরালো করতে তিনি বড় ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।