রুয়েটের হামিদ হলে অগ্নিকাণ্ড; শিক্ষার্থীদের প্রচেষ্টায় নিয়ন্ত্রনে

Date: 2026-04-26
news-banner

রুয়েট প্রতিনিধি:

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শহীদ আব্দুল হামিদ হলের একটি কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শিক্ষার্থীদের সাহসিকতা ও তাৎক্ষণিক পদক্ষেপের ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি ছাড়াই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে, রোববার দিবাগত রাত আনুমানিক ৪টার দিকে হলের ৩১৬ নম্বর কক্ষ থেকে ধোঁয়া বের হতে দেখেন পাশের কক্ষের শিক্ষার্থীরা। সে সময় কক্ষটি তালাবদ্ধ থাকায় ভেতরে কেউ ছিলেন না। জানমালের নিরাপত্তার কথা ভেবে শিক্ষার্থীরা দ্রুত তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন এবং হলের নিজস্ব অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনেন।

কক্ষটির আবাসিক শিক্ষার্থী ও ইইই বিভাগের (২২-২৩ শিক্ষাবর্ষ) আল ইমরান জানান, তারা সাময়িকভাবে কক্ষের বাইরে থাকাকালীন এই দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ল্যাপটপ বা ফ্যানের সংযোগে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ইইই বিভাগের অপর শিক্ষার্থী আবরার ফাইয়াজ অমি জানান, অগ্নিকাণ্ডে একটি এক্সট্রা কিবোর্ড এবং কিছু গুরুত্বপূর্ণ বই পুড়ে গেলেও বড় কোনো আসবাবপত্র বা কক্ষের বড় ক্ষতি হয়নি।

অগ্নিনির্বাপক সরঞ্জাম প্রস্তুত থাকায় এবং শিক্ষার্থীদের দ্রুত সাড়া দেওয়ার প্রশংসা করেছেন সংশ্লিষ্টরা। এ প্রসঙ্গে রুয়েটের ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. রবিউল ইসলাম সরকার বলেন, "দুর্ঘটনা রোধে প্রশাসনের তদারকির পাশাপাশি শিক্ষার্থীদের নিজ নিজ জায়গা থেকে সচেতন হওয়া জরুরি।" তিনি বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহারের ক্ষেত্রে আরও সতর্ক থাকার পরামর্শ দেন।

এই ঘটনার পর আবাসিক হলগুলোতে নিয়মিত বৈদ্যুতিক সংযোগ পরীক্ষা এবং অগ্নি-নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার দাবি জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা।

Leave Your Comments