রুয়েটে দিনব্যাপী প্রযুক্তি উৎসব ‘র তে রোবট’ অনুষ্ঠিত

Date: 2026-04-24
news-banner

রুয়েট প্রতিনিধিঃ

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, সৃজনশীলতা ও কারিগরি দক্ষতার বিকাশে দিনব্যাপী প্রযুক্তি উৎসব ‘র তে রোবট’ সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রোবোটিক্স সোসাইটি অব রুয়েট (RSR)-এর উদ্যোগে গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এই বর্ণাঢ্য আয়োজন অনুষ্ঠিত হয়।

সকাল ৯টায় অডিটোরিয়ামে রেজিস্ট্রেশন ও কিট বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় এবং সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে বিকেল ৫টায় শেষ হয়। দিনব্যাপী আয়োজনে ছিল অনুপ্রেরণামূলক কী-নোট সেশন, টেক কুইজ, প্রজেক্ট প্রদর্শনী, হার্ডওয়্যার টাচ টেবিল এবং আকর্ষণীয় রোবোসকার এক্সিবিশন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ড. মো. নুরুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও সংগঠনের চিফ অ্যাডভাইজর ড. মো. রোকনুজ্জামান এবং এমটিই বিভাগের প্রধান ও সংগঠনের অ্যাডভাইজর সহযোগী অধ্যাপক মো. ফিরোজ আলী।

প্রধান অতিথির অনুপস্থিতিতে ছাত্র কল্যাণ দপ্তরের সহকারী পরিচালক আবু ইসমাইল সিদ্দিকী বলেন, "বর্তমান বিশ্বে ক্যারিয়ার গঠনে রোবোটিক্স ও অটোমেশনের ভূমিকা অপরিসীম। রুয়েটের শিক্ষার্থীদের এই উদ্ভাবনী উদ্যোগগুলো ভবিষ্যতে দক্ষ প্রকৌশলী হিসেবে তাদের অবস্থান সুদৃঢ় করবে এবং দেশের প্রযুক্তিগত উন্নয়নে সহায়ক হবে।"

উৎসবের অন্যতম আকর্ষণ ছিল কী-নোট সেশন। এতে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটররা 'বিজ্ঞান ও রোবোটিক্সের সাম্প্রতিক প্রবণতা' নিয়ে আলোচনা করেন। এছাড়া এমটিই বিভাগের সহকারী অধ্যাপক দ্বীপ কুমার সাহা ‘কঠিন বাস্তবতার জন্য নরম রোবট: জীবপ্রেরণায় আধুনিক সমস্যার সমাধান’ শীর্ষক একটি বিশেষ প্রবন্ধ উপস্থাপন করেন, যা শিক্ষার্থীদের গবেষণার নতুন দিগন্ত সম্পর্কে ধারণা দেয়।

প্রজেক্ট কার্নিভালে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের উদ্ভাবিত লাইন ফলোয়ার রোবটসহ বিভিন্ন স্মার্ট সিস্টেম প্রদর্শন করেন। এছাড়াও হার্ডওয়্যার টাচ টেবিলে সেন্সর, মোটর ও মাইক্রোকন্ট্রোলারভিত্তিক হাতে-কলমে অভিজ্ঞতা অর্জনের সুযোগ পায় অংশগ্রহণকারীরা। রোবোসকার এক্সিবিশন ও ওপেন টেক কুইজ শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি করে।

দিনশেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। আয়োজক কমিটির মতে, এ ধরনের আয়োজন দক্ষ ও প্রযুক্তিনির্ভর মানবসম্পদ গড়ে তোলায় সুদূরপ্রসারী ভূমিকা রাখবে।

Leave Your Comments