রাজশাহীর দুর্গাপুর উপজেলার Daokandi Government University College-এ ঢুকে এক শিক্ষিকাকে জুতাপেটা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে স্থানীয় Bangladesh Nationalist Party (বিএনপি) নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে। অভিযুক্ত আকবর আলী জয়নগর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, দুপুরে বিএনপির কয়েকজন নেতাকর্মী কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাকের কক্ষে গিয়ে আয়-ব্যয়ের হিসাব চেয়ে বাকবিতণ্ডায় জড়ান। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে প্রভাষক আলেয়া খাতুন হীরাকে মারধর করা হয়। পরে তারা অধ্যক্ষসহ অন্য শিক্ষকদের ওপর হামলা চালায় এবং অফিস কক্ষে ভাঙচুর করে।
আহতদের মধ্যে রয়েছেন অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, প্রভাষক আলেয়া খাতুন হীরা, অধ্যাপক রেজাউল করিম আলমসহ আরও দুই কর্মচারী। তাদের কয়েকজনকে Rajshahi Medical College Hospital-এ ভর্তি করা হয়েছে।
প্রভাষক আলেয়া খাতুন হীরা অভিযোগ করে বলেন, অভিযুক্তরা বিভিন্ন সময় কলেজে এসে চাঁদা দাবি করতেন এবং প্রতিবাদ করায় তাকে হামলার শিকার হতে হয়েছে।
অভিযোগ অস্বীকার করে আকবর আলী দাবি করেন, কলেজের আগের অনিয়মের হিসাব চাইতে গেলে তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয় এবং প্রথমে তাদের ওপর হামলা করা হয়।
অধ্যক্ষ আব্দুর রাজ্জাক বলেন, দায়িত্ব নেওয়ার পর থেকেই বিভিন্ন পক্ষ তার কাছে চাঁদা দাবি করে আসছিল এবং তা প্রত্যাখ্যান করায় এই সংঘর্ষের সূত্রপাত।
দুর্গাপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ আগে থেকেই সেখানে উপস্থিত ছিল। তবে কিছু ব্যক্তি জোরপূর্বক প্রবেশ করে হামলা ও ভাঙচুর চালায়। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।