তাহিরপুরে জাদুকাটা নদীতে ভাসমান কৃষকের নগ্ন লাশ: হত্যা মামলায় গ্রেফতার ২

মোঃ আতিকুর রহমান, ক্রাইম রিপোর্টার:

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় চাঞ্চল্যকর এক হত্যাকাণ্ডের ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। জাদুকাটা নদী থেকে উদ্ধার হওয়া কৃষক আজগর আলী (৫৮)-এর নগ্ন লাশের ঘটনায় দীর্ঘ তদন্তের পর এই গ্রেফতার সম্ভব হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৩০ মার্চ সোমবার ভোরে উপজেলার জাদুকাটা নদীর বিন্নাকুলি এলাকা থেকে অজ্ঞাতপরিচয় একটি নগ্ন লাশ উদ্ধার করা হয়। পরে স্থানীয়দের মাধ্যমে লাশটির পরিচয় নিশ্চিত করা হলে জানা যায়, তিনি বিশ্বম্ভরপুর উপজেলার বাসিন্দা কৃষক আজগর আলী। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।

এ ঘটনায় তাহিরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। শুরুতে মামলাটি ক্লুলেস থাকলেও তদন্ত অব্যাহত রাখে পুলিশ। বিভিন্ন তথ্য-প্রযুক্তি ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে জড়িতদের শনাক্ত করা হয়।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন—বিশ্বম্ভরপুর উপজেলার দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের মিয়ারচর গ্রামের পূর্বহাটির মৃত আব্দুল মজিদের ছেলে জুলহাস মিয়া এবং একই গ্রামের উত্তরহাটির মৃত ছিদ্দু মিয়ার ছেলে মুল হোসেন।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। 

ধারণা করা হচ্ছে, পূর্বপরিকল্পিতভাবে আজগর আলীকে হত্যা করে তার লাশ নদীতে ফেলে দেওয়া হয়, যাতে ঘটনা আড়াল করা যায়।

গ্রেফতার দুই আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। 

এদিকে হত্যার পেছনের প্রকৃত কারণ উদঘাটন এবং আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রয়েছে।

এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত বিচার নিশ্চিত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।