বাস ভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত

Date: 2026-04-23
news-banner

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রেক্ষাপটে ঢাকা ও চট্টগ্রাম রুটসহ দূরপাল্লার বাসভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি কিলোমিটারে ভাড়া ১১ পয়সা বাড়ানো হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বৃহস্পতিবার সচিবালয়ে পরিবহন মালিক ও শ্রমিকদের সঙ্গে বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। জানা গেছে, সিদ্ধান্তটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে এবং ডিজেলচালিত বাসের ক্ষেত্রে প্রযোজ্য হবে। তবে সিএনজিচালিত বাসের ভাড়ায় আপাতত কোনো পরিবর্তন আনা হচ্ছে না।

বর্তমানে দূরপাল্লার রুটে বাসভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ১২ পয়সা নির্ধারিত রয়েছে। নতুন সিদ্ধান্ত কার্যকর হলে এই ভাড়া বেড়ে দাঁড়াবে প্রায় ২ টাকা ২৩ পয়সা। একইভাবে আন্তঃজেলা রুটেও প্রতি কিলোমিটারে ১১ পয়সা ভাড়া বাড়ানো হবে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, সম্প্রতি ডিজেলের দাম লিটারপ্রতি ১৫ টাকা বৃদ্ধি পাওয়ায় পরিবহন খাতে পরিচালন ব্যয় বেড়েছে। এছাড়া ডলারের মূল্যবৃদ্ধির কারণে আমদানিকৃত যন্ত্রাংশের দামও বৃদ্ধি পেয়েছে, যা যানবাহন রক্ষণাবেক্ষণে অতিরিক্ত চাপ সৃষ্টি করছে।

পরিবহন মালিকদের দাবি, এই পরিস্থিতিতে ভাড়া সমন্বয় না করলে খাতটি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। তাই জ্বালানি ব্যয় ও রক্ষণাবেক্ষণ খরচ বিবেচনায় এনে ভাড়া পুনর্নির্ধারণ করা হয়েছে।

এদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতে জ্বালানি তেলের দাম কমলে বাসভাড়াও পুনরায় সমন্বয় করা হবে। তবে রেল ও নৌপথের ভাড়া বাড়ানোর বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

উল্লেখ্য, জ্বালানি তেলের নতুন মূল্য অনুযায়ী ডিজেল, পেট্রোল, অকটেন ও কেরোসিনের দাম সম্প্রতি বৃদ্ধি পেয়েছে, যা দেশের সামগ্রিক পরিবহন ব্যয়ে সরাসরি প্রভাব ফেলেছে।

Leave Your Comments