আব্দুল কাইয়ুম (আরজু), পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের সোমবাড়িয়া বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ১৩টি ব্যবসা প্রতিষ্ঠান। এর মধ্যে ৭টি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। বুধবার (২২ এপ্রিল) বিকেলে ঘটা এই দুর্ঘটনায় ব্যবসায়ীদের প্রায় অর্ধকোটি টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন বিকেল ৩টা ১০ মিনিটের দিকে বাজারের একটি ওয়ার্কশপ থেকে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পার্শ্ববর্তী চালের আড়ত, কসমেটিকসের দোকানসহ অন্যান্য স্থাপনায় ছড়িয়ে পড়ে।
আগুন লাগার পরপরই স্থানীয়রা নিজস্ব উদ্যোগে আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা চালান। পরবর্তীতে খবর পেয়ে কলাপাড়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার নিরলস প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ততক্ষণে বাজারের ১৩টি দোকান ক্ষতিগ্রস্ত হয়, যার মধ্যে ৭টিই এখন ধ্বংসস্তূপ।
ধানখালী ইউনিয়ন পরিষদের সদস্য মো. মামুন জানান, একটি ওয়ার্কশপ থেকে বিদ্যুতের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটে। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে ব্যবসায়ীদের অপূরণীয় ক্ষতি হয়ে গেছে।
কলাপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের সাব অফিসার (দায়িত্বরত) আবুল হোসেন জানান, ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও আগুনের তীব্রতা বেশি থাকায় নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে। সঠিক হিসাব নিরূপণ না করা গেলেও ক্ষয়ক্ষতির পরিমাণ ৫০ লক্ষ টাকা ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।