ইউরোপের ৬ শহরে হবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট, মালিকানায় গেইল

Date: 2026-04-22
news-banner

ইউরোপের প্রথম আইসিসি অনুমোদিত টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগ—ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগ (ইটিপিএল)-এর মালিকানা গোষ্ঠীতে যুক্ত হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ক্রিস গেইল।

লিগ কর্তৃপক্ষ জানিয়েছে, গ্লাসগোভিত্তিক ফ্র্যাঞ্চাইজি ‘গ্লাসগো মুগাফিয়ানস’-এর সহ-মালিক হিসেবে যুক্ত হয়েছেন তিনি। এই দলে তার সঙ্গে রয়েছে মুগাফি গ্রুপ এবং দলটির মূল মালিক তানশা বাত্রা। পাশাপাশি, গেইল ইটিপিএলের গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবেও দায়িত্ব পালন করবেন।

প্রতিক্রিয়ায় গেইল বলেন, গ্লাসগো মুগাফিয়ান্সের সঙ্গে যুক্ত হওয়া তার জন্য নতুন এক অধ্যায়। বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অভিজ্ঞতা থেকে তিনি মনে করেন, ইউরোপে ক্রিকেটের বিপুল সম্ভাবনা রয়েছে এবং এই লিগ নতুন প্রতিভা তৈরি করবে।

ইটিপিএলের উদ্বোধনী আসর আগামী ২৬ আগস্ট থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। এতে গ্লাসগো, আমস্টারডাম, এডিনবার্গ, ডাবলিন, বেলফাস্ট ও রটারডাম—এই ছয়টি শহরের দল অংশ নেবে। মোট ৩৩টি ম্যাচ আয়োজন করা হবে।

ইটিপিএলের সহ-মালিক অভিষেক বচ্চন বলেন, মুগাফি গ্রুপ ও ক্রিস গেইলকে এই যাত্রায় স্বাগত জানাতে পেরে তারা আনন্দিত। এই লিগ ইউরোপে ক্রিকেটের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এছাড়া, বিশ্বের আরও কয়েকজন খ্যাতিমান ক্রিকেটার ও ক্রীড়া ব্যক্তিত্ব ইতোমধ্যে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত হয়েছেন। আমস্টারডাম দলের সঙ্গে রয়েছেন স্টিভ ওয়াহ ও জেমি ডয়ার, বেলফাস্ট দলের সহ-মালিক গ্লেন ম্যাক্সওয়েল। এডিনবার্গ ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত আছেন কাইল মিলস ও নাথান ম্যাককালাম।

সব মিলিয়ে ইউরোপে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের নতুন দিগন্ত উন্মোচনের অপেক্ষায় ইটিপিএল।

Leave Your Comments