মোঃ মহাসিন, কালীগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি :
সাতক্ষীরার শ্যামনগরে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ ধারালো অস্ত্র দিয়ে কেটে দেওয়ার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে।
সোমবার (২০ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের সিরাজপুর গ্রামে এ ঘটনা ঘটে।আহত ইসমাইল গাজীকে গুরুতর অবস্থায় প্রথমে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতের খাবার শেষে নিজ ঘরে দ্বিতীয় স্ত্রী নাজমা খাতুনের সঙ্গে ঘুমিয়ে ছিলেন ইসমাইল গাজী। গভীর রাতে ঘুমন্ত অবস্থায় নাজমা খাতুন ধারালো বটি দিয়ে তার স্বামীর পুরুষাঙ্গ কেটে দেন। ইসমাইলের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন।
চাঞ্চল্যকর বিষয় হলো, অভিযুক্ত নাজমা খাতুন নিজেই কর্তনকৃত অঙ্গ হাতে নিয়ে স্বামীকে হাসপাতালে নিয়ে আসেন। পরে স্থানীয়রা তাকে হাসপাতালে আটকে রাখে। খবর পেয়ে শ্যামনগর থানা পুলিশ তাকে হেফাজতে নেয়।
চিকিৎসকরা জানান, ইসমাইল গাজীর অবস্থা গুরুতর হওয়ায় তাকে দ্রুত সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ইসমাইল গাজীর একাধিক স্ত্রী রয়েছে। বড় স্ত্রী কয়েকদিন আগে বাড়িতে আসায় পারিবারিক বিরোধ তৈরি হয়, যা থেকে এই ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এছাড়া জানা গেছে, অভিযুক্ত নাজমা খাতুন এর আগেও ২০১৭ সালে একই ধরনের একটি ঘটনায় জড়িত ছিলেন।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানিয়েছেন, অভিযুক্তকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।