সোনারগাঁয়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় উৎসবমুখর পরিবেশে শুরু হলো হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬।

সোমবার সকালে উপজেলার প্রতাপনগর এলাকায় একটি কমিউনিটি ক্লিনিকে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। তিনি ফিতা কেটে এবং সংশ্লিষ্টদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে ক্যাম্পেইনের উদ্বোধন করেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সুস্থ ও সবল আগামী প্রজন্ম গড়ে তুলতে হাম-রুবেলা টিকাদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো শিশুই যেন এই গুরুত্বপূর্ণ টিকাদান কর্মসূচির বাইরে না থাকে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিন্নাত এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমাইয়া ইয়াকুব।

সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এর উদ্যোগে এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এ টিকাদান কার্যক্রম পরিচালিত হচ্ছে। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্বাস্থ্যকর্মী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
এই ক্যাম্পেইনের মাধ্যমে উপজেলার প্রতিটি শিশুকে হাম-রুবেলা প্রতিরোধে টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।