শুধু ওষুধ দিয়ে মানুষকে ভালো করা যাবে না, দরকার সচেতনতা: স্বাস্থ্যমন্ত্রী

Date: 2026-04-20
news-banner

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বলেছেন, শুধু ওষুধের ওপর নির্ভর করে মানুষকে সুস্থ রাখা সম্ভব নয়, এজন্য প্রয়োজন ব্যক্তিগত ও সামাজিক সচেতনতা।

সোমবার (২০ এপ্রিল) সকালে জিন্দা পার্কের ‘লিটল অ্যাঞ্জেল সেমিনারি’তে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, শিশুদের জন্য সবচেয়ে কার্যকর ওষুধ হলো মায়ের দুধ। মায়ের দুধ পান করলে শিশুরা বিভিন্ন রোগ-ব্যাধি থেকে সুরক্ষিত থাকে বলেও উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী আরও দাবি করেন, পূর্ববর্তী সরকারের সময় সরকারি কোষাগারে কোনো অর্থ অবশিষ্ট ছিল না। তিনি বলেন, বর্তমান সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু করেছে।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু, ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অব কমিশন মেগান বলডিন, ইউনিসেফ বাংলাদেশের ডেপুটি রিপ্রেজেন্টেটিভ এম্মানিউলি এবরিউক্স, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশের ডেপুটি রিপ্রেজেন্টেটিভ ডা. রাজেশ নরওয়েলসহ স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নারায়ণগঞ্জ জেলায় ৭টি স্থায়ী কেন্দ্র ও ১ হাজার ৫৬টি অস্থায়ী কেন্দ্রে সিটি কর্পোরেশনসহ মোট ৩ লাখ ৩৭ হাজার ৪৩৫ জন শিশুকে টিকা দেওয়া হবে।

দেশব্যাপী এ বিশেষ ক্যাম্পেইনের আওতায় প্রায় ১ কোটি ৮০ লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ৫ এপ্রিল শুরু হওয়া কার্যক্রম ২৫ এপ্রিল পর্যন্ত এবং ১২ এপ্রিল শুরু হওয়া ধাপ ১২ মে পর্যন্ত চলবে। সিটি কর্পোরেশন এলাকায় এ কর্মসূচি ২০ মে পর্যন্ত এবং দেশের অন্যান্য এলাকায় ১২ মে পর্যন্ত চলবে।

Leave Your Comments