জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষিতে আবারও বাড়তে পারে বাসভাড়া। এ বিষয়ে আজ, সোমবার (২০ এপ্রিল), গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
গতকাল বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এবং পরিবহন মালিক-শ্রমিক নেতাদের মধ্যে একটি বৈঠক হলেও ভাড়া বৃদ্ধির পরিমাণ নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। জানা গেছে, আজকের বৈঠকে এ বিষয়ে প্রস্তাব উত্থাপন করা হবে এবং পরে সড়ক পরিবহন মন্ত্রণালয় চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে।
সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, সাধারণত জ্বালানি তেলের দাম প্রতি লিটার ১ টাকা বাড়লে বাসভাড়া ১ পয়সা করে সমন্বয় করা হয়। সে হিসেবে ডিজেলের দাম ১৫ টাকা বৃদ্ধির কারণে ভাড়া ১৫ পয়সা বাড়ানোর বিষয়টি আলোচনায় রয়েছে।
তবে পরিবহন মালিকরা বলছেন, ২০২২ সালের পর বাস ও মিনিবাসের ব্যয়ের নতুন করে কোনো বিশ্লেষণ হয়নি। ডলারের দাম বাড়ায় যন্ত্রাংশ ও ইঞ্জিন অয়েলের খরচও বেড়েছে—এই বিষয়গুলো বিবেচনায় নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
বর্তমানে দূরপাল্লার বাসভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ১২ পয়সা এবং ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে ২ টাকা ৪২ পয়সা নির্ধারিত রয়েছে।
আজকের বৈঠকের পরই জানা যাবে, বাসভাড়া আদৌ বাড়ছে কিনা এবং বাড়লে কতটা বাড়বে।