পঞ্চগড়ে জাগপা কার্যালয়ে হামলা, চেয়ার-টেবিল ভাঙচুর

Date: 2026-04-17
news-banner

মোঃ মাহমুদুল হাসান বাবু , পঞ্চগড় প্রতিনিধি : 

জাগপার মুখপাত্র আল রাশেদ প্রধানের প্রধানমন্ত্রীকে নিয়ে বক্তব্যকে কেন্দ্র করে তার নিজ জেলা পঞ্চগড়ে জাগপার জেলা কার্যালয়ে হামলার ঘটনা ঘটেছে। ছাত্রদল যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা এই হামলা চালিয়েছে বলে দাবি করেছে জাগপা। হামলায় জাগপা কার্যালয়ের টিনের সীমানা প্রচীরটি সম্পূর্ণ ভেঙে ফেলা হয়।  ভেতরের চেয়ার টেবিল ব্যানার ভাঙচুর করা হয়। 

তারা জানায়, প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে জাগপার মুখপাত্র আল রাশেদ প্রধান আপত্তিকর বক্তব্য দেয়ার প্রতিবাদে বিকেল ৫ টায় জেলা শহরের বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী।  মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বকুলতলা পৌছালে মিছিল থেকে উত্তেজিত নেতাকর্মীরা বকুলতলায় জাগপার জেলা কার্যালয়ে ভাঙচুর চালায়। তবে জাগপার কোন নেতাকর্মীর গায়ে হাত তোলেনি তারা।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বিচার দাবি করেছেন জাগপা নেতাকর্মীরা।

জাগপা পঞ্চগড়ের সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন পাটোয়ারী বলেন, ২০২৪ সালে আওয়ামী লীগের নেতাকর্মীরা আমাদের অফিসে একই কায়দায় হামলা করেছে। আমরা মনে করেছিলাম গণঅভ্যুত্থানের পরে বাক স্বাধীনতা ফিরে পাবো। কিন্তু নব্য স্বৈরাচার বিএনপি আমাদের কণ্ঠরোধ করার চেষ্টা করছে। আজ ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের কয়েকশ নেতাকর্মী আমাদের কার্যালয়ে ব্যাপক ভাঙচুর করেছে। আমরা এর নিন্দা ও প্রতিবাদ এবং বিচার দাবি করছি। এ ঘটনায় আমরা আইনগত ব্যবস্থা নেবো। 

জেলা জাগপার সাধারণ সম্পাদক শাহরিয়ার আলম বিপ্লব বলেন, তারা আমাদের দলীয় কার্যালয়ের প্রাচীর ও ভেতরের চেয়ার টেবিল টিভিসহ আসবাপত্র ভাঙচুর করেছে। তবে আমাদের কোন নেতাকর্মীর উপর তারা হামলা করেনি। তারা আমাদের উপর হামলা করলে আমরা তাদের প্রতিহত করতাম।

Leave Your Comments