নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোলপ্লাজা এলাকায় অভিযান পরিচালনা করে ৩ হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার (১৭ এপ্রিল) রাত সোয়া ১ টার দিকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মোঃ ইদ্রিস আলী (৪৫) কক্সবাজার টেকনাফ থানার নীলা ইউনিয়নের সিকদার পাড়া গ্রামের মৃত দ্বীন মোহাম্মদের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁ থানার এসআই শিকদার হারুন অর রশিদ সঙ্গীয় ফোর্স নিয়ে মেঘনা ঘাট টোলপ্লাজার সামনে ঢাকাগামী মহাসড়কে অবস্থান নেন। এসময় সন্দেহভাজন এক ব্যক্তিকে তল্লাশি করে তার কাছ থেকে ৩ হাজার পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা উদ্ধার করা হয়।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ ওসি মহিববুল্লাহ জানান, গ্রেফতারকৃত ইদ্রিস কক্সবাজার থেকে ইয়াবার এই বড় চালানটি নিয়ে ঢাকার দিকে যাচ্ছিলেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদকের প্রবেশ পথ মহাসড়কে পুলিশের এমন কঠোর নজরদারি অব্যাহত থাকবে বলেও জানান তিনি।